মহান বিজয়ের ৪০ বত্সর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ডিবেট ফর ডেমোক্রেসি মক পার্লামেন্টের আয়োজন করে। ‘বিজয়ের রঙ্গে আঁকি সম্প্রীতির বাংলাদেশ’—এই শ্লোগানে গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনু্ষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।
গ্রান্ড ফাইনালে যুদ্ধাপরাধীদের বিচার শীর্ষক বিষয়ের প্রতিযোগিতায় সরকারি দল গ্রীন ইউনিভার্সিটিকে পরাজিত করে বিরোধী দল ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। গত বছরের নভেম্বরে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মক স্পিকার হিসাবে প্রতিযোগিতাটি পরিচালনা করেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বাংলাদেশে গঠনকৃত ট্রাইব্যুনাল অনুযায়ী যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে তা প্রকৃত অর্থেই আন্তর্জাতিক মান অনুযায়ী চলছে এবং পাশাপাশি যে সকল চিহ্নিত যুদ্ধাপরাধী বিদেশে অবস্থান করছে তাদেরও আইনের আওতায় এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।-প্রেস বিজ্ঞপ্তি
