বুধবার হকি ফেডারেশন জানিয়েছিল ওয়ার্ল্ড হকির দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, চীন, আয়ারল্যান্ড। গতকাল আরেক দল বেড়েছে। আজারবাইজান বাংলাদেশের প্রতিপক্ষ। পাঁচ দল চূড়ান্ত হয়েছে। এখন ষষ্ঠ দলের অপেক্ষায় বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ড থেকে দু’টি দল পরিবর্তী রাউন্ডে উঠবে। ভারতের পর দ্বিতীয় দল হিসাবে টিকিট পাওয়া বাংলাদেশের স্বপ্ন ছিল। কিন্তু এখন চীন, ভারত, আয়ারল্যান্ডকে টপকে যাওয়া কঠিনই বটে। তবে শেষ পর্যন্ত চেষ্টা করার জন্য জাতীয় হকি দলের ভালো অনুশীলন করা প্রয়োজন। এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। কিন্তু সরকারের কাছ থেকে হকির ব্যাপারে সেভাবে সহযোগিতা পাওয়া যায় না। দুয়ারে দুয়ারে ঘুরতে হয়। বিদেশে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গিয়ে হকি ফেডারেশন প্রচুর অর্থ ব্যয় করেছে। চ্যাম্পিয়ন হয়ে আসার পর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বলা হয়েছিল অর্থ পুরস্কার দেবে খেলোয়াড়দের। কিন্তু সেটা বেমালুম ভুলে গেছে। অথচ অন্য খেলায় খেলোয়াড়দের পারফর্মেন্সের খবর শোনার সাথে সাথে জাতীয় ক্রীড়া পরিষদ লাখ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিতে কার্পণ্য করছে না। অথচ হকি খেলোয়াড়রা ভালো খেলেও ক্রীড়া পরিষদের নজর কাড়তে পারছে না।
