বার্সার বিপক্ষে নির্ভার বেটিস

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৪২
লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনেকটাই নির্ভার রিয়াল বেটিস। ইনজুরির কারণে মাঠে থাকবেন না লিওনেল মেসি। তাই বেটিসের স্বাচ্ছন্দ্যবোধের কারণ সহজেই অনুমান করা যায়। আগামী রবিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে বেটিসের নিজেদের মাঠ বেনিতো ভিলামেরিনে। এর একদিন আগে আজ রিয়াল মাদ্রিদ খেলবে রিয়াল ভ্যালেদোলিদের বিপক্ষে। অনেকের চোখেই এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি। আর তাই তার ইনজুরি কোচ টিটো ভিলানোভার বার্সেলোনার দলের জন্য এক বড় ধাক্কা। আর বার্সেলোনার এই দুর্ভাগ্যই সৌভাগ্য হয়ে এসেছে রিয়াল বেটিসের জন্য। ১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে অবস্থান করছে বার্সেলোনা। অপরদিকে চতুর্থ স্থানে থাকা রিয়াল বেটিসের পয়েন্ট ২৫। তাই, বেটিস ম্যাচটিকে দেখছে নিজেদের জন্য বড় সুযোগ হিসেবে। আর এখন পর্যন্ত রিয়াল বেটিসের পারফরমেন্সও মন্দ নয়। ১৯৯৬-৯৭ ও ২০০৪-০৫ সালের পর এবার আবার ক্লাবের ইতিহাস সেরা চতুর্থ স্থানে থেকে লা লিগার মৌসুম শেষ করতে মুখিয়ে আছে গত মৌসুমে ১৩ তম স্থানে থাকা ক্লাবটি। এই মৌসুমটা এখন পর্যন্ত স্বপ্নের মতো কাটছে বেটিসের। শক্তিশালী দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ড্র করেছে বার্সেলোনার বিপক্ষে। মেসিহীন বার্সেলোনার বিপক্ষে তাই বড় হুমকি নিয়েই আসবে তারা। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে বার্সেলোনা থেকে ১১ পয়েন্ট পিছিয়ে থেকে পয়েন্ট তালিকায় অবস্থান করছে তৃতীয় স্থানে। এমনকি অ্যাটলেটিকো মাদ্রিদের থেকেও পাঁচ পয়েন্ট পিছিয়ে তারা। এমন অবস্থায় থেকেই রিয়াল ভ্যালেদোলিদের মাঠে খেলতে যাচ্ছে কোচ হোসে মরিনহোর দল। আর ভ্যালেদোলিদ নিজেদের মাঠে আছে দারুণ ফর্মে। নিজেদের মাঠে গত ছয় ম্যাচে অপরাজিত আছে ক্লাবটি। ম্যাচে তাই বেশ ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে রোনালদো, ওজিল, রামোসদের। তবে, ম্যাচ জয়ের আশা নিয়েই রিয়াল দল মাঠে নামবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এই মুহূর্তে হারলে শিরোপার লড়াইয়ে তারা কতখানি ছিঁটকে পড়বে সেটা ভালোই জানা আছে কোচ হোসে মরিনহোর। চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচে বুধবার আয়াক্স অ্যামস্টারড্যামের বিপক্ষে মূল একাদশের অনেককেই মাঠে দেখা যায়নি। আগেই শেষ ষোল নিশ্চিত করে ফেলা রিয়াল মাদ্রিদ ম্যাচটির জন্য তাদের বিশ্রাম দিয়েছিল। তবে, লা লিগায় বেশ পিছিয়ে থাকা দলটি আজ মূল দল নিয়েই মাঠে নামবে। দলে ফিরবেন সার্জিও র্যামোস, পেপে, জাবি অ্যালোনসো’র মতো খেলোয়াড়রা। হোসে ক্যালেজনের বিপক্ষে মাঠে খেলবেন আর্জেন্টাইন প্লে মেকার অ্যাঙ্গেল ডি মারিয়া। রবিবার মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদও। নিজেদের মাঠ ভিসেন্তে ক্যালদেরনে তাদের প্রতিপক্ষ দেপোর্তিভো লা করুনা। গত ম্যাচে রিয়ালের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে হারলেও এই মুহূর্তে ফর্মটা দারুণ অ্যাটলেটিকোর। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্টই তার প্রমাণ। আর দলের গোল মেশিন রাদামেল ফ্যালকাওয়ের ফুটবল ছন্দে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলের বিপক্ষে জয়ের আশা করতেই পারে তারা। আজকের খেলা রিয়াল সোসিয়েদাদ - গেটাফে মালাগা - গ্রেনাডা রিয়াল ভ্যালেদোলিদ - রিয়াল মাদ্রিদ ওসাসুনা - ভ্যালেন্সিয়া