রস টেলরকে সরিয়ে দেয়া হল, নাকি তিনি সরে গেলেন; সেটা একটা আলোচনার বিষয় হতে পারে। তিনি নিজে চেয়েছিলেন অধিনায়কত্ব চালিয়ে যেতে। কোচ আর বোর্ড তাকে শুধু টেস্টে অধিনায়ক থাকতে বলেছিল। সেটাতে রাজী না হওয়ায় নিউজিল্যান্ডের অন্যতম সফল এই ব্যাটসম্যানকে সবধরনের অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড। গতকাল শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেট তাদের নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করেছে ব্রেন্ডন ম্যাককালামের নাম।
দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বোর্ডের ঘোষণা করা টেস্ট ও টি-টোয়েন্টি দলেও নেই টেলরের নাম। স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন সফর থেকে। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এমনটাই জানিয়েছেন। টেলর নাকি এটাও পরিষ্কার বলেছেন যে, সময় হলে তিনি দলে ফেরার কথা বিবেচনা করবেন।
যদিও ২০১১ সালের জুনের পর থেকে নিউজিল্যান্ডের সময়টা ভাল যাচ্ছে না। আর এই খারাপ সময়টা ব্যাটসম্যান টেলরের জন্যও চাপ হয়ে দাঁড়িয়েছিল বলে মনে করে বোর্ড। হোয়াইট বলছেন, এই চাপ থেকে মুক্ত হতেই টেলর সরে দাঁড়ানোয় একমত হয়েছেন, ‘খেলায় মনোযোগী হতে এটাই ভাল বলে সে মনে করেছে। তরুণ অধিনায়কের চাপ অনেক থাকে।’
দলীয় নৈপুণ্য না থাকলেও টেলর সম্প্রতি সময়ের টেস্ট ম্যাচে সেরা ব্যাটসম্যান। তার ব্যাটিং গড় ৪৩.৫৭। ফলে তার অভাব অনুভূত হবে দক্ষিণ আফ্রিকায়। বিশেষ করে নিউজিল্যান্ডের এমন করুণ সময়ে তাকে মিস না করে পারেই না দল। র্যাঙ্কিংয়েও অনেক নিচে ব্লাক ক্যাপরা। নিউজিল্যান্ড টেস্ট র্যাঙ্কিংয়ের আটে অবস্থান করছে। হোয়াইট অবশ্য আশাবাদী, এই সিরিজে না থাকলেও ফেব্রুয়ারির শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে টেলর খেলবেন।
হোয়াইট ঘটনাটা যত সরল করে দেখাচ্ছেন, টেলরের কথাবার্তা শুনলে আর ততো সরল মনে হয় না। সদ্য অধিনায়কের দায়িত্ব হারানো টেলর বলেছেন, শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের আগে কোচ মাইক হেসন তাকে জানান যে, ঐ সিরিজের পর যেন টেলর অধিনায়ক হিসাবে না থাকেন। এরপরই বোর্ড তাকে শুধু টেস্টে অধিনায়কত্ব করার প্রস্তাব দেয়।
নিউজিল্যান্ড অবশ্য ওই টেস্ট সিরিজেই নিজেদের একটু জলেও ফিরে পায়। টেলর দলের হয়ে সর্বশেষ ম্যাচেও অসাধারণ খেলেছেন। অধিনায়ক টেলর ম্যাচ জয়ী ইনিংস খেলেন কলম্বোতে (১৪২ ও ৭৪)। আর নিউজিল্যান্ড শ্রীলংকার মাটিতে প্রথম টেস্ট জয় করে ১৯৯৮ সালের পর। অধিনায়ক টেলরের ব্যাটিং গড় ৪৯.৮৫। বর্তমানে ৩১ বছর বয়সী ওপেনার ম্যাককালাম নিউজিল্যান্ডের ২৮তম টেস্ট অধিনায়ক। টেলর গতকাল এক বিবৃতিপত্রে বলেন, ‘আমি নিউজিল্যান্ড ক্রিকেটকে গত মঙ্গলবার বলেছিলাম অধিনায়কত্ব বদলে দিতে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে এটা দুঃখ পাওয়ার মত এবং হতাশাজনক। তবে বিস্ময়কর ছিল না মোটেও। মাইক হেসন, মাইক স্যান্ডল (টিম ম্যানেজার) এবং বব কার্টার (সহকারী কোচ) শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের আগে আমার সাথে কথা বলেন এবং আমার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন। মাইক হেসন বলেছিলেন ঐ সফরের পর তিনি আমাকে অধিনায়ক হিসাবে দেখতে চান না।’
টেলর জানান, ক্রিকেটের প্রতি তার ভালবাসা রয়েছে। মাঠে শতভাগ দিয়ে চেষ্টা করেছেন অধিনায়ক হিসাবে। নতুন অধিনায়কের সফলতা কামনা করে টেলর বলেন, ‘ব্রেন্ডন ম্যাককালাম অধিনায়ক হিসাবে বিবেচিত হয়েছে এবং আমি তার সফলতা কামনা করি।’
টেলরের অধিনায়কত্বে নিউজিল্যান্ড ১৩ টেস্টের সাতটিতে হেরেছে। এর মধ্যে চারটিতে জয় এবং ড্র দুটিতে।
