রুদিশা ও কেইতানি কেনিয়ার বর্ষ সেরা এ্যাথলেট নির্বাচিত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৫
অলিম্পিক ও ৮০০ মিটার দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ডেভিড রুদিশা এবং লন্ডন ম্যারাথনে দু’বার চ্যাম্পিয়ন মেরি কেইতানি কেনিয়ার বর্ষ সেরা এ্যাথলেট নির্বাচিত হয়েছেন। লন্ডন অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা দু’বার কেনিয়ার বর্ষ সেরা পুরুষ এ্যাথলেট নির্বাচিত হলেন রুদিশা। লন্ডন গেমসে ১ মিনিট ৪০.৯১ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া নিজের গড়া বিশ্বরেকর্ডও ভঙ্গ করেন রুদিশা। গত শুক্রবার অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন রুদিশা কেনিয়ার ‘বেস্ট ওভার অল এ্যাওয়ার্ড’-এর পুরস্কার লাভ করেন। এছাড়া গত মাসে বার্সেলোনায় আইএএএফ-এর পুরুষ বিভাগে বর্ষ সেরা পারফরমেন্সে পুরস্কার লাভ করেন। আইরিশ কোচ কম ও’কনেলসহ এক অনুষ্ঠানে উপস্থিত রুদিশা বলেন, ‘এ্যাথলেটিকসে আরো ভাল করা এবং কেনিয়ার যুব সমাজকে আমাদের অনুসরণ করতে আরো উদ্দীপ্ত করবে এ পুরস্কার।’ অলিম্পিক ও ৩০০০ মিটার স্টিপলেস চ্যাম্পিয়ন এজেকেইল-ফেমবোই রানার আপ এবং সেলটিক ফুটবল মিডফিল্ডার ভিক্টর ওয়ানিয়ামা তৃতীয় স্থান লাভ করেন। বাসস/এএফপি