ধানমন্ডির বিউটি পার্লারে চুরি হওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেফতার ১

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১২, ২০:৪৮
অবশেষে রাজধানীর ধানমন্ডির একটি বিউটি পার্লার থেকে চুরি হওয়া ৭২ ভরি স্বর্ণালঙ্কারের মধ্যে ৬০ ভরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ নাসির নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত ৩০ নভেম্বর ধানমন্ডির ঐ বিউটি পার্লারে সাজতে যান শিল্পপতি মোহাম্মদ আলীর স্ত্রী জাহানারা বেগম। পার্লারে সাজার সময় দেখেন তার ভ্যানিটি ব্যাগটি কে বা কারা চুরি করেছে। ঐ ভ্যানিটি ব্যাগে ৭২ ভরি স্বর্ণালঙ্কার ও ৪৬ হাজার টাকা ছিল। এ ঘটনার পর তিনি ধানমন্ডি থানায় মামলা করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা ডিবি পুলিশের ইন্সপেক্টর আমানুল্লাহর নেতৃত্বে একটি দল নাসিরকে গ্রেফতার করে তার কাছ থেকে ৬০ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে। গ্রেফতারকৃত নাসির পুলিশকে জানায়, চুরি হওয়া স্বর্ণালঙ্কার ঐ পার্লারের এক বিউটিশিয়ান তার কাছে বিক্রি করেছে। ধানমন্ডি থানার ওসি আনোয়ার হোসেন জানান, সাতক্ষীরায় স্বর্ণালঙ্কার উদ্ধারের খবর পাওয়ার পর তা শনাক্ত করতে পুলিশ ভুক্তভোগী জাহানারা বেগমকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা গেছে।