বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন রক লিজেন্ড আইয়ুব বাচ্চু। ডাক্তারের পরামর্শে টানা এক মাস বিশ্রামে থাকার জন্য সর্বশেষ বামবা কনসার্টে অংশ নিতে পারেননি। তাই অফিসিয়ালি তিনি দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন। তবে নিজের ঘরে একেবারে এইভাবে পরিবারকে সময় দেওয়া হয়নি অনেকদিন। আইয়ুব বাচ্চু বলেন, ‘এভাবে পরিবারকে অনেকদিন সময় দেওয়া হয় না। তাই এক হিসেবে ভালোই হয়েছে। তবে গান আর গিটারের বাইরে তো আর আমি নই। এই ফাঁকে কিছু নতুন গান লিখছি। সুর করছি। খুব শিগগিরই এলআরবি আবারও নতুনভাবে তাদের প্র্যাকটিস শুরু করবে। আশা করছি দর্শকদের আর বেশিদিন অপেক্ষার প্রহর গুণতে হবে না। এর ভেতর আইয়ুব বাচ্চুর মগবাজারের বাসায় নিয়মিতভাবেই শিল্পীর ঘনিষ্ঠজনেরা গিয়ে দেখা করে আসছে বলে জানা যায়। এদিকে এলআরবি’র ম্যানেজার সাউন্ড ইঞ্জিনিয়ার শামী জানান, ‘এর ভেতরে এই শীত মৌসুমে প্রায় প্রতিদিনই একাধিক শোয়ের অফার আসে। কলকাতাসহ দেশের বাইরে থেকেও বেশ ক’টি শোয়ের কথা হয়েছে। কিন্তু বিশ্রামের কারণেই আপাতত এই সময়টা নিচ্ছেন তিনি। আশা করছি আমরা খুব শিগগিরই কনসার্ট নিয়ে মাঠে ফিরব।’
