চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস

ভারত পাকিস্তান মুখোমুখি আজ তৃতীয় স্থানের লড়াইয়ে

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১২, ২১:০৬
পাকিস্তান ও ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শিরোপা লড়াইয়ে সামিল হতে পারলো না। এর পরিবর্তে উপমহাদেশের পড়শি দেশদুটি আজ তৃতীয়স্থান নির্ধারণী খেলায় মোকাবিলা করবে। ফাইনালে লড়বে স্বাগতিক অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস। গতকাল শনিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে টুর্নামেন্টটির সেমিফাইনালে অলিম্পিক রৌপ্য জয়ী নেদারল্যান্ডস ৫-২ গোলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে যায়। অপর সেমিফাইনালে টানা চারবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে যোগ দেয় অস্ট্রেলিয়া। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালও অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডস সর্বশেষ ২০০৬ সালে স্পেনে শিরোপা জিতেছিল। ছয় বছর পর তাদের শিরোপা জয়ের প্রয়াসটি মোটেও সহজ হবে না। কেননা অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে সফল দল। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে তারা ১২ বার। অন্যদিকে নেদারল্যান্ডস আটবার। ডাচরা কাল প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে যায় এবং পরে আরো দুইবার তারা প্রতিপক্ষের জালে বল পাঠায়। স্ট্রাইকার বিলি বাকের ম্যাচ শেষে বলেন, ‘আমাদের দলটি ভাল। মেলবোর্নে আমাদের লক্ষ্য ছিল ফাইনাল। আশাকরি সোনা জিতে নেদারল্যান্ডসে ফিরতে পারবো।’ পাকিস্তানের সাকিল আব্বাসী জানান, তার দল হতাশ। এখন ব্রোঞ্জ জয়ের আশায় আছেন তারা। আব্বাসী বলেন, ‘আমরা এখনো পদক জয়ের লড়াইয়ে আছি। তাই আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আজ নেদারল্যান্ডস ভাল খেলেছে কিন্তু শুরুর দিকে আমাদের কয়েকটি সুযোগ ছিল।’ এদিকে আজই পঞ্চম স্থানের লড়াইয়ে মাঠে নামবে বেলজিয়াম-জার্মানি। সপ্তম স্থানের জন্য লড়বে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। মূলত ইনজুরির কারণে ভারত পেরে উঠল না অস্ট্রেলিয়ার সাথে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে একমাত্র ব্রোঞ্জ জয় করেছিল ১৯৮২ সালে। তিন দশক ধরে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি পদকও অর্জন করতে পারেনি। পাকিস্তান অবশ্য ২০০২,২০০৩ ও ২০০৪ সালে ব্রোঞ্জ জয় করে। অস্ট্রেলিয়ার অধিনায়ক জেমি ডয়ার পঞ্চম ও ১৮ এবং কিয়েরান গোভার্স ৪২ মিনিটে গোল করেন। ভারতকে কোন সুযোগই দিল না অস্ট্রেলীয়রা। অস্ট্রেলিয়ার সামনে এখন টানা পঞ্চম শিরোপা জয়ের হাতছানি।