এ দেশের সর্বসময়ের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ব্যবসা সফল ও জনপ্রিয় অসংখ্য চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। সেই শাবনূর দীর্ঘদিন ধরেই দেশীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অনিয়মিত। মাঝে মাঝে চলচ্চিত্রে কাজ করলেও আগের মতো নিয়মিত নন তিনি। এখনও দু’টি চলচ্চিত্রে অভিনয় করছেন, গত বছর তার অভিনীত ছবিও মুক্তি পায়। কিন্তু আগের মতো সাড়া ফেলছে না চলচ্চিত্রগুলো। এর পেছনে তার অনাগ্রহই সবচেয়ে বেশি দায়ী। বছরের অধিকাংশ সময়টুকুই কাটান অস্ট্রেলিয়ায়। নিজের হবু বর, ব্যবসা ও বন্ধুদের নিয়েই সেখানে সময় পার করছেন, এসবের মাঝে আবার চলচ্চিত্র পরিচালনাও শিখছেন। মাঝে মাঝে দেশে আসেন নিজের অসম্পূর্ণ ছবিগুলোর শুটিং করতে। গেল রোজার ঈদে দেশে ফেরার কথা থাকলেও ফিরেন কোরবানির ঈদের আগে ১৩ অক্টোবর। এখনও তিনি ঢাকাতেই আছেন, তবে খুব শীঘ্রই অস্ট্রেলিয়ায় আবারও রওয়ানা হবেন। আগামী ১৭ ডিসেম্বর জনপ্রিয় এই চিত্রনায়িকার জন্মদিন। এবারের জন্মদিনটি নিজের দেশের বন্ধুবান্ধব, পরিবার ও চলচ্চিত্র বন্ধুদের নিয়েই কাটাবেন বলে জানালেন শাবনূর। একেবারেই ঘরোয়াভাবে কাটবে তার এবারের জন্মদিন।
