কাল মোনালিসার গায়ে হলুদ, পরদিন বিয়ে

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২০:০২
এ দেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মোনালিসার গায়ে হলুদ আগামীকাল এবং পরদিন বিয়ে। গত ১৭ জুন তিনি আংটি বদল করেন। আমেরিকাতে নিজের পরিবার নিয়ে একেবারেই পারিবারিকভাবে এই আংটি বদলের কাজটি সারেন তিনি। পাত্র বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী, নাম ফাইয়াজ শরীফ ফাসবীর। সে সময়ই ইত্তেফাক-এর এক সাক্ষাত্কারে মোনালিসা বলেছিলেন আসছে ডিসেম্বরে বিয়ের কাজটা শেষ করার সম্ভাবনা খুবই বেশি। নিজের ব্যস্ততাগুলো গুছিয়ে উঠলেই দিন-তারিখ পাকা করবেন। সেই কথামতো মোনালিসা তার সব ব্যস্ততা গুছিয়ে নিয়ে আগামী ১২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন এবং আগামীকাল গায়ে হলুদের কাজটি সারছেন। বিয়ে প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘বিয়ের তারিখটি খুবই সুন্দর, ১২.১২.১২, আসলে আমি এই দিনটির জন্যই অপেক্ষা করছিলাম। বিয়েটা তেমন জাঁকজমকভাবে না করলেও আশপাশের বন্ধুরা উপস্থিত থাকবে। আমি খুবই আনন্দিত যে এত গোছানো ও সুন্দরভাবে আনুষ্ঠানিকতা হচ্ছে। আর সুন্দর ও সুখী সংসারের জন্য ইত্তেফাক-এর মাধ্যমে সবার কাছে দোয়া চাইছি।’