অস্ট্রেলিয়া রেকর্ড টানা পাঁচবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয় করল। গতকাল রবিবার মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির জন্ম দিয়ে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে এই কৃতিত্ব দেখায় অস্ট্রেলিয়া। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ভারতকে ৩-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন পাকিস্তানের শাকিল আব্বাসী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া সবচেয়ে সফল দল। এটি তাদের ১৩তম চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া রানার্সআপ হয়েছে ১০ বার। তৃতীয় স্থান অধিকার করেছে চার বার।
লন্ডন অলিম্পিকে রৌপ্য নিয়ে ফিরতে হয়েছিল নেদারল্যান্ডসকে। অপরদিকে অস্ট্রেলিয়া জিতেছিল ব্রোঞ্জ। গতকালের ফাইনালের পুরোটা জুড়ে অস্ট্রেলীয়দের আধিপত্য ছিল। তবে অস্ট্রেলিয়ার অনেক আক্রমণ রুখে দিয়েছিল ডাচ গোলরক্ষক জাপ স্টকম্যান।
নেদারল্যান্ডস প্রথম গোল পেয়েছিল পেনাল্টি কর্নার থেকে ১৮ মিনিটে। অস্ট্রেলিয়া সমতা আনে ৩১ মিনিটে রাসেল ফোর্ডের গোলে। হাফ টাইমের আগেই অস্ট্রেলিয়া এগিয়ে যেতে পারতো। কিন্তু জেমি ডয়ার পেনাল্টি মিস করেন। দ্বিতীয়ার্ধেও আধিপত্য থাকলেও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিক অস্ট্রেলিয়া। অবশেষে অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি এনে দেন অস্ট্রেলিয়াকে কিয়েরান গোভার্স।
পাকিস্তান খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মোহাম্মদ আতিকের দেয়া জয়সূচক গোলে ভারতের বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ের পাশাপাশি ব্রোঞ্জটি তুলে নেয়। প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি এর আগে ২-২ গোলে সমতা ছিল। যদিও খেলায় ভারত প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল। ভারত ১৯৮২ সালের পর আর চ্যাম্পিয়ন্স ট্রফি পদক জিততে পারেনি। বেলজিয়াম পঞ্চম এবং আট দলের লড়াইয়ে সপ্তম স্থান দখল করেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার নিক উইলসন সবচেয়ে বেশি পাঁচ গোল করেছেন। সেরা গোলরক্ষক নেদারল্যান্ডসের জাপ স্টকম্যান। ফেয়ার প্লে পুরস্কারটি নেদারল্যান্ডসের অধিকারে গিয়েছে।
