কলকাতা টেস্ট

ভারতের টানা হার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১২, ২১:০৪
ইংল্যান্ড কলকাতা টেস্টে সাত উইকেটে জিতে ১৯৮৫ সালের পর ভারতে প্রথম সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে। চার টেস্টের সিরিজে বর্তমানে ২-১ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। এদিকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠলেও অধিনায়কত্ব ছাড়তে নারাজ তিনি। কলকাতা টেস্টে প্রথম দিন থেকেই দাপট দেখানো ইংল্যান্ড গতকাল রবিবার পঞ্চম দিনের প্রথম ঘণ্টায় জয় তুলে নেয়। আগের দিনের সঞ্চয় ৯ উইকেটে তোলা ২৩৯ রান নিয়ে খেলতে নেমে এদিন আর বেশিদূর যেতে পারেনি ভারত। রবিচন্দন অশ্বিন শেষ পর্যন্ত ৯১ রানে অপরাজিত থাকলেও বিপরীত প্রান্তে প্রজ্ঞান ওঝাকে বোল্ড করে দিলে ২৪৭ রানে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটে। ইংল্যান্ড পায় জয়ের জন্য ৪১ রানের টার্গেট। মামুলি এ লক্ষ্যে খেলতে নেমেও সফরকারীরা আট রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। অধিনায়ক অ্যালিস্টার কুক (১) ও কেভিন পিটারসনকে (০) ফেরান ডান হাতি অফ-স্পিনার অশ্বিন। জনাথন ট্রটের (৩) উইকেটটি নেন ওঝা। পাঁচ নম্বরে নামা ইয়ান বেল (অপরাজিত ২৮) অবশ্য বিপর্যয় সামাল দিয়ে সঙ্গী নিক কম্পটন (অপরাজিত ৯) নিয়ে জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে। ম্যাচ সেরা হন ইংলিশ দলপতি কুক। বিদেশের মাটিতে সর্বশেষ দু’টি টেস্ট সিরিজে নাকাল হওয়ার পর আরো একটিতে হারের আশংকার মধ্যে থাকা অধিনায়ক ধোনির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু তিনি বলেন, ‘অধিনায়কত্ব ছাড়ার কথাটি বেশ সহজভাবেই বলা যায়। এসব নিয়ে আমি মোটেও চিন্তিত নই। পরের ম্যাচ নিয়ে বেশি ভাবতে চাই। দলের দায়িত্বটা বেশ ভালোভাবে পালন করতে চাই। অধিনায়কত্বের ব্যাপারটা বিসিসিআই ও ম্যানেজম্যান্টের বিষয়। তারাই সিদ্ধান্ত নিবে এ বিষয়ে। আমার চিন্তাভাবনার পুরোটাই এখন দল নিয়ে।’ আগামী ১৩ ডিসেম্বর নাগপুরে শুরু হচ্ছে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট।