অবশেষে জয়ের দেখা পেলো চেলসি। স্প্যানিশ তারকা স্ট্রাইকার ফার্নান্দো টোরেসের জোড়া গোলে শনিবার ৩-১ ব্যবধানে কোচ রাফায়েল বেনিতেজের দল হারায় স্যান্ডারল্যান্ডকে। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল ২-০ গোলে হারায় ওয়েস্ট ব্রুমউইচ অ্যালবিয়ন।
চ্যাম্পিয়ন্স লিগে দলের শেষ ম্যাচেও করেছিলেন জোড়া গোল। এই ম্যাচে আবারো করলেন। আর তাই চোখ বন্ধ করেই বলা যায় এই মুহূর্তে বেশ ফর্মেই আছেন টোরেস। চ্যাম্পিয়ন্স লিগের হতাশা মুছে ফেলতে এই ম্যাচের শুরু থেকেই ছন্দময় ফুটবল খেলে চেলসি। ১১ মিনিটে বেলজিয়ান প্লে মেকার ইডেন হ্যাজার্ডের পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন টোরেস। প্রথমার্ধের শেষ ভাগে আবারো গোলের দেখা পান টোরেস। এবারের গোলটি আসে পেনাল্টি থেকে। ডি বস্কের ভিতরে সেবাস্টিয়ান লারসন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেজকে ফাউল করলে পেনাল্টি পায় ব্লুজ দল। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর প্রথমার্ধেই শুরুতে আবারো গোল পায় চেলসি। এবার গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা। ৩-০ গোলে পিছিয়ে থাকার পর স্যান্ডারল্যান্ডের ম্যাচে ফিরে আসার আর কোন সুযোগ থাকে না। ৬৬ মিনিটে দলের হয়ে সান্ত্বনার গোল করেন জনসন।
চেলসি দলের দায়িত্ব নেয়ার পর ইংলিশ প্রিমিয়ার লিগে এটাই তার প্রথম জয়। এই জয়ে চেলসি দলের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ২৯। এদিকে কোচ আর্সেন ওয়েঙ্গারের দল ওয়েস্টব্রুমকে হারিয়েছে ২-০ গোলে। গানার দলের হয়ে জোড়া গোল করেন মিকেল আর্টেটা।
