মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাজাহান মোল্লাকে জামায়াত নেতা বানিয়ে মামলা দায়ের করার প্রতিবাদে গতকাল রবিবার সকালে টেকেরহাট-পাইকপাড়া সড়কের নরারকান্দিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করে। উল্লেখ্য, গত ২৬ নভেম্বর পাইকপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাজাহান মোল্লাকে একটি ষড়যন্ত্রমূলক লুটতরাজ মামলার অভিযোগে আটক করে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। পরে তাকে ঢাকায় জামায়াতের গাড়ি পোড়ানো মামলায় অভিযুক্ত করে একটি মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে মাদারীপুর থেকে ঢাকায় পাঠানো হয়।
