আসছে ১৪ তারিখেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘ডার্টি পিকচার’খ্যাত বলিউডের এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। আজ তার ‘সংগীত’। বাড়ির ছোট মেয়ে বিদ্যার বিয়ে নিয়ে বালান পরিবারের ব্যস্ততা এখন তুমুল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাঞ্জাবি ও তামিল দুই রীতি মেনেই সংগীতের আসর বসবে বিদ্যার বাড়িতে। আপাতত নাওয়া-খাওয়া ভুলে ওই দিনের নাচের মহড়া দিচ্ছেন বিদ্যার তুতো ভাইবোনেরা। বিদ্যার বেশ কিছু সুপারহিট গান নিয়ে তৈরি হয়েছে মেডলি। তার সঙ্গেই নাচের তালে পা মেলাবেন বিদ্যার বন্ধুরা। শোনা যাচ্ছে বিয়েতে ‘ডার্টি পিকচার’-এর জনপ্রিয় গান ‘উহ লা লা’র সঙ্গে স্বয়ং বিদ্যাই নাকি নাচবেন। তবে এই গানের সঙ্গে নাচের জন্য বিদ্যা এখনও রিহার্সালের সুযোগ খুঁজে পাননি। তবে স্বতঃস্ফূর্তভাবেই নাচবেন সিল্ক স্মিতা। সংগীতের অনুষ্ঠানে বিদ্যার বাড়িতে হলেও আসবেন তার হবু বর সিদ্ধার্থের দুই ভাই কুনাল ও আদিত্য। এ ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও বলিউডের গুটিকয়েক ঘনিষ্ঠদের নিয়ে হবে বিদ্যার সংগীত অনুষ্ঠান। তারপর তো বিয়ের এক্সক্লুসিভ প্ল্যান তো রয়েছেই।
