আলোচনা বা সমালোচনা যাই বলা হোক না কেন, এ সময়ের সবচেয়ে আকর্ষণীয় খবরের শিরোমণি এখন চিত্রনায়ক অনন্ত। ‘মোস্ট ওয়েলকাম’-এর ব্যাপক সফলতার পর এ পর্যন্ত প্রায় হাফডজনের ওপরে বিভিন্ন বিজ্ঞাপনে মডেলিংয়ের অফার পেয়েছেন। কিন্তু অ্যাকশন হিরোর তকমাটা লাগানোর জন্য যে প্রাণান্ত চেষ্টা অনন্তের, সেটিকে কোনোভাবেই চকলেট হিরোর মতো কোনো চরিত্রে তিনি অনস্ক্রিন করবেন না। আর তা ফিল্ম বা বিজ্ঞাপন যাই-ই হোক না কেন। ‘মোস্ট ওয়েলকাম’-এর পরে তার নিজের পরিচালনায় ‘নিঃস্বার্থ ভালোবাসা’ এখন মুক্তির অপেক্ষায়। আগামী মাস থেকেই এর ক্যাম্পেইন শুরু হবে। এই ছবিতে অনন্তের মতে অ্যাকশন আর স্পেশাল অ্যাফেক্টের মাত্রা আরও বাড়িয়েছেন তিনি। অ্যাকশন হিরো হিসেবে এখন বাংলাদেশি চলচ্চিত্রে তিনি নিজের সিংহাসনে রাজার ভূমিকাতেই রয়েছেন। এখন পরিচালক অনন্তের পরীক্ষার বছর ২০১৩। এ ক্ষেত্রেও পূর্ণ সফলতা নিয়েই কাজ শুরু করতে চান।
অনন্তের কথায়, ‘ভালো কাজের চেষ্টা আর ইচ্ছে থাকলে সবই সম্ভব। ‘নিঃস্বার্থ ভালোবাসা’তেও অনেক নতুন জিনিস দর্শকেরা দেখবে যা এর আগে বাঙালি কখনও দেখেনি। পরিচালক হিসেবে নয়, পুরো ছবিটা নিজের মতো করেই আমি তৈরি করেছি এ দেশে নতুন একটি দৃষ্টান্ত তৈরি করার জন্য। আর আমি ব্যতিক্রমী কিছু করেছি বলেই তরুণ ছেলেমেয়েরা আবারও সিনেমা হলে আসতে শুরু করেছে।’
