‘এত কাছে তবু কেন হায়, ভালোবাসিনি’—সজীব দাসের কম্পোজিশন আরজে রাজুর কথা ও সুরে এইচ এম রানা ও আরজে আঁখির গাওয়া এ গানটি এফএম-এর কল্যাণে শ্রোতামহলে ব্যাপক প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় এবারে রানা এক বছর বিরতি নিয়ে তার নতুন এককের কাজ শুরু করেছেন। এবারেও পুরো অ্যালবামের কম্পোজিশন করেছেন সজীব দাস।
নিজের অ্যালবাম প্রসঙ্গে রানা বলেন, ‘নিজের গানের প্রতি অদম্য ইচ্ছা থেকেই এবারের এই একক অ্যালবামের কাজ। প্রাথমিক নাম হিসেবে রাখছি ‘মাত্র ৬০ টাকা’। নিজের অ্যালবাম আর মিউজিক ইন্ডাস্ট্রির প্রতি এক ধরনের প্রতিবাদ স্বরূপ এই অ্যালবামটি তৈরি করছি। কারণ দর্শকদের একটু সচেতনতা আর ইচ্ছাই পারে এই ইন্ডাস্ট্রির চেহারা বদলে দিতে। এ কারণেই এই নামটি দিয়ে আমি একটি প্রতীকী প্রতিবাদ করতে চাই। আশা করছি, নতুন বছরের শুরুতেই এই অ্যালবামটি বাজারে আনতে পারব।’
