গোল্ডেন গ্লোবে প্রশংসিত ‘কমন জেন্ডার’ ফের মুক্তি ২১ ডিসেম্বর

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:৩৮
গোল্ডেন গ্লোব প্রতিযোগিতায় প্রশংসিত হবার পর নোমান রবিনের কমন জেন্ডার ছবিটি আবারো মুক্তি দেয়ার চেষ্টা চলছে। ছবিটি ঢাকায় প্রথম মুক্তি পায় গত ২২ এপ্রিল। তখন ছবিটি মুক্তি পেয়েছিল ছয়টি প্রেক্ষাগৃহে। ছবির পরিচালক নোমান রবিন জানান, কমন জেন্ডার ছবি মুক্তি পাবে ২১ ডিসেম্বর। তিনি বলেন, গত ২০ অক্টোবর গোল্ডেন গ্লোবস প্রতিযোগিতার বিচারক ও ভোটাররা কমন জেন্ডার ছবিটি দেখেছেন। ৭০তম গোল্ডেন গ্লোবস প্রতিযোগিতায় বিদেশি ভাষার ছবি বিভাগে প্রাথমিক বাছাইয়ের জন্য তারা ছবিটি দেখেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দ্য চার্লস আইডকিফ হলে। ২১ ডিসেম্বর প্রতিযোগিতার মনোনয়নের তালিকা প্রকাশ করবে গোল্ডেন গ্লোবস কর্তৃপক্ষ। আর পুরস্কার দেয়া হবে আগামী ১৩ জানুয়ারি, বেভারলি হিলের হিলটন হোটেলে।