বারুদের কারখানার পরেই তৈরি পোশাক কারখানা সবচেয়ে বিপজ্জনক। এ কারখানায় সহজেই আগুন লেগে যেতে পারে। তবে গার্মেন্টস শ্রমিকরা একটু সাহসের পরিচয় দিলেই সে আগুন নেভানো অনেক সহজ। আর এ সাহসের পরিচয় দিতে গেলে কি করণীয় সে বিষয়ে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে ক্রাশ প্রোগ্রামের আয়োজন করেছে বিজিএমইএ।
‘আগুনকে করবো না মোরা ভয়, আগুনকে করবো মোরা জয়’ শ্লোগান ধারণ করে গতকাল সোমবার এ প্রোগ্রামের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন। এতে শ্রম সচিব মিকাইল শিপার, ইনস্টিটিউট অব আর্কিটেক্টের সভাপতি মুবাশশার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শাহিদুল্লাহ, শিল্প পুলিশের মহাপরিচালক আবদুস সালাম, বায়ারদের প্রতিনিধি হিসাবে জেনিফার জব্বার ও বিজিএমইএ’র পরিচালকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বলা হয়, গার্মেন্টস শিল্পে বর্তমানে তিন হাজার ৪শ’ কারখানায় ৪০ লাখ শ্রমিক রয়েছে। এই বিপুল সংখ্যক শ্রমিকের প্রত্যেককে আগুন সম্পর্কে সচেতন করতে হবে। কিন্তু তাদের এক সঙ্গে করা সম্ভব নয়। এজন্য কারখানার সার্বিক দায়িত্বে থাকা মধ্যম সারির কর্মকর্তাদের এ বিষয়ে সচেতন করার উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। প্রতিদিন প্রায় ৪শ’ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে। বিজিএমএই আয়োজিত এ প্রোগ্রামে শ্রমিকদের প্রশিক্ষণ দিবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গতকাল শুরু এই প্রোগ্রাম শেষ হতে প্রায় ৬ মাস লাগবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানান ক্রাশ প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমাদের দেশে অপরিকল্পিতভাবে গার্মেন্টস কারখানা গড়ে উঠেছে। এজন্য এগুলোকে একটি ফ্রেমের মধ্যে নিয়ে আসতে অনেক সমস্যা হচ্ছে। বৈদেশিক মুদ্রা আয়ের এ খাতকে আরো বেশি সমৃদ্ধশালী করতে মালিক-শ্রমিকের সেতুবন্ধন গড়ে তুলতে হবে।
স্থপতি মুবাশশার হোসেন বলেন, অজ্ঞতার কারণে বড় বড় কারখানারগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু এজন্য ছোট ছোট ব্যবস্থা নিলেই বড় ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, অগ্নিকাণ্ড সম্পর্কে শ্রমিকরা সচেতন হলে বড় ক্ষতি বিশেষ করে জীবনহানির মত ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব। অগ্নিকাণ্ডের ক্ষতি থেকে রক্ষা পেতে অবকাঠামোগত ও অবকাঠামো বহির্ভূত দুই ধরনের প্রস্তুতির কথা বলেন তিনি।
