ইনজুরিতে মাঠের বাইরে ফ্যাব্রেগাস

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:৪৬
ইনজুরির কারণে চার সপ্তাহ মাঠের বাইরে চলে যেতে পারেন বার্সেলোনার মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস। রবিবার রিয়াল বেটিসের বিপক্ষে ২-১ গোলের জয়ী ম্যাচে ফ্যাব্রেগাসের থাইয়ের পেশিতে টান পড়ে। সেভিয়াতে মাত্র ৯ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন সাবেক এই আর্সেনাল তারকা। কিন্তু বেঞ্চে বসে তিনি সতীর্থ লিয়নেল মেসির এক ক্যালেন্ডার বছরে ৮৬ গোলের নতুন রেকর্ড ঠিকই উপভোগ করেছেন। গতকালের ম্যাচে দুই গোল করে মেসি এই মাইলফলক রচনা করেন। ফ্যাব্রেগাসের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা এক বিবৃতিতে বলেছে, ‘‘সে হয়তোবা তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাবে। আর তাই ২০১২ সালের বার্সেলোনার শেষ তিনটি ম্যাচে সে অংশগ্রহণ করতে পারবে না। এর মধ্যে এ্যাথলেটিকো মাদ্রিদ এবং ভালাডোলিডের বিপক্ষে লা লিগার দুইটি ম্যাচ এবং করডোবার বিপক্ষে কোপ ডেল রে’র একটি এ্যাওয়ে ম্যাচ রয়েছে। এছাড়া ২০১৩ সালে এস্পানেয়লের বিপক্ষে প্রথম ম্যাচটিতেও তার না খেলার সম্ভাবনা রয়েছে।”—বাসস/এএফপি