কিউই কোচ হেসনের পরামর্শ হাস্যকর :টেইল

আপডেট : ১০ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
বিতর্কিতভাবে সরিয়ে দেয়া সাবেক অধিনায়ক রস টেইলর নিউজিল্যান্ড ক্রিকেট টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেছেন। দলের প্রধান কোচ মাইক হেসনের পরামর্শ প্রত্যাখ্যান করে একে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন এবং অধিনায়কত্বের আঠার মাস তাকে কোন সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ করেন টেইলর। শ্রীলংকার মাঠে স্বাগতিক দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করে দেশে ফেরার পর কোচ হেসনের সুপারিশে টেইলরের কাছ থেকে ওয়ানডে ও টি-২০তে কিউই দলের নেতৃত্ব কেড়ে নেয়া হলে টেইলর শুধুমাত্র টেস্ট দলের নেতৃত্ব প্রত্যাখ্যান করেন এবং দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে গুটিয়ে রাখেন। দলের উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামকে তিন ফরম্যাটেই অধিনায়ক করা হয়। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে দলের নেতৃত্ব দিতে যাওয়ার আগে তীব্র সমালোচনার মুখে পড়েন ম্যাককালাম। নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকার ওয়েবসাইটে রবিবার প্রকাশিত খবরে টেইলর বলেন, ‘আমি জানতাম তার সঙ্গে (হেনসন) কাজ করাটা খুব কঠিন হবে। যথাসাধ্য সহযোগিতা আমি তাকে দিয়েছি। কিন্তু তিনি এটা ভালোভাবে গ্রহণ করেননি।’ গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-২০ চ্যাম্পিয়ন্স লিগে দিল¬ী ডেয়ার ডেভিলসের হয়ে খেলা ২৮ বছর বয়সী টেইলর আরো বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগ চলাকালে আমাদের মধ্যে যোগাযোগ হয়। তিনি এমন কিছু বিষয়ে আমাকে উন্নতি ঘটাতে লিখলেন—সত্যি বলতে যা সবই হাস্যকর।’ আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করার কোন অভিজ্ঞতা না থাকা হেনসনকে গত জুলাই মাসে কিউই দলের কোচ নিয়োগ করা হয়। নিউজিল্যান্ডের সেরা টেস্ট ব্যাটসম্যান টেইলর দক্ষিণ আফ্রিকা সফর থেকে নিজেকে সরিয়ে নেয়ায় র্যাংকিংয়ের শীর্ষ দলটির বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে কিউইদের আপসেট ঘটানোর প্রত্যাশাটা ফিকে হয়ে গেছে। আগামী মার্চে নিজ মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে তিনি দলে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে টেইলর বলেন, পদাবনতির পর এখনো তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। তিন ভার্সনেই অধিনায়ক থাকাকালে নিউজিল্যান্ডের নড়বড়ে অবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘আমি জানতাম কাজ করার মতো আমার অনেক ক্ষেত্র ছিল, যেমন যোগাযোগ। কিন্তু আমি বেশি সহযোগিতা পাইনি। আমাকে সবচেয়ে বেশি হতাশ করেছে টেস্ট শুরু হওয়ার (শ্রীলংকায়) চারদিন আগে যে প্রক্রিয়ায় তারা আমাকে জানিয়েছে যে, তারা আমাকে অধিনায়ক হিসেবে চায় না।’—বাসস/এএফপি