গার্হস্থ্য অর্থনীতি কলেজ মেয়েদের তৈরি করছে মানবসম্পদে। তারা অসুন্দর ও অমঙ্গলকে পেছনে ফেলে কাজ করছে আলোকিত সমাজ গঠনে। তাদের কর্মময় শিক্ষা ছড়িয়ে পড়ছে গৃহে, রাষ্ট্রে ও সারা পৃথিবীতে।
নারী শিক্ষার এ ব্রত নিয়ে দেশে যে ক’টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান এটি। এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬১ সালে, আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন ও ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির সহায়তায়। উদ্দেশ্য ছিল এ দেশের অনগ্রসর নারী জাতিকে ব্যক্তিগত উন্নয়ন, পারিবারিক ও সমাজ জীবনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের পাশাপাশি অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জনের সহায়ক পেশাভিত্তিক শিক্ষা প্রদান করা। দীর্ঘ পঞ্চাশ বছর ধরে কলেজটি এ লক্ষ্যে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে। নারীদের মধ্যে তৈরি করছে গতিশীল ব্যক্তিত্ব, কর্মোদ্যোগ, নিজের পায়ে দাঁড়ানোর উপলব্ধি ও চেতনা। কিন্তু এ বিশ্ববিদ্যালয়কে নিয়ে সামপ্রতিক এক সিদ্ধান্তে কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী মাহফুজা বেগম জানান, দেশের প্রথম সারির কলেজ গার্হস্থ্য অর্থনীতি কলেজ। কিন্তু এ কলেজের শিক্ষার্থীদের দাবি আদায়ে এখনো রাজপথে নামতে হবে কেন?
শিক্ষার্থী আয়শা আক্তার বলেন, কলেজের জায়গা দখল করে বিল্ডিং তুলে ব্যবসায়ীরা এতদিন ব্যবসা করে আসছিল। তাদের তিনটি ছাত্রী হোস্টেলের পাশেই বহুতল এ বিপণি বিতান নির্মাণ করা হলে তাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। তিনি অবিলম্বে বহুতল ভবন নির্মাণ না করার জন্য সিটি করপোরেশনের প্রতি আহ্বান জানান।
ফারজানা নামে এক শিক্ষার্থী সাংবাদিকদের জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র কলেজের কিছু জমি অবৈধভাবে দখল করে রেখেছে। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়ে আসছেন। কিন্তু কোন লাভ হয়নি। এ কারণে তারা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে। সাদিয়া নামে এক শিক্ষার্থী জানায়, এ কলেজটিকে নিয়ে যখন ষড়যন্ত্র হয়, তখন আর বসে থাকা যায় না। এ কারণে রাজধানীর নিউ মার্কেটে অবস্থিত গার্হস্থ্য অর্থনীতি কলেজের জায়গায় বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
গত ৮ ডিসেম্বর দুপুর সোয়া ১টায় নিউ মার্কেটের নীলক্ষেত মোড়ের গার্হস্থ্য অর্থনীতি কলেজ সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে কলেজের শিক্ষার্থীরা। প্রায় দেড়ঘণ্টা ধরে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে নিউ মার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের দাবি কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
ছবি: সোহেল রেজা
