মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ভর্তির খবর

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ১৮:০১
মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মভাবিপ্রবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের বিএসসি (ইঞ্জিনিয়ারিং), বিবিএ এবং বিএসসি (অনার্স) কোর্সে ভর্তির কার্যক্রম আগামী ৫ জানুয়ারি শুরু হবে। ৫ ও ৬ জানুয়ারি মেধা তালিকায় স্থানপ্রাপ্ত পরীক্ষার্থীদের সাক্ষাত্কারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে। অপেক্ষমাণ তালিকায় স্থানপ্রাপ্ত পরীক্ষার্থীদের সাক্ষাত্কার হবে ১২ ও ১৩ জানুয়ারি। সাক্ষাত্কারে উপস্থিত মেধা তালিকায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ৭ ও ৮ জানুয়ারি সকাল ১০টা হতে বিকেল ৩ টার মধ্যে ভর্তি হতে হবে। আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রম অনুয়ায়ী অপেক্ষমাণ তালিকা হতে সাক্ষাত্কারে উপস্থিত পরীক্ষার্থীদের ১৫ এবং ১৬ জানুয়ারি ভর্তি হতে হবে। ক্লাস শুরু হবে ২৬ জানুয়ারি। এ বছর চারটি ইউনিটে ১৩টি বিভাগে মোট ৬৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। সাক্ষাত্কারের সময় এসএসসি বা সমমান ও এইচ এসসি বা সমমান পরীক্ষার মূল সনদপত্র/ প্রশংসাপত্র, মার্কসীট রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। তবে ভর্তির সময় ভর্তির আনুমানিক ১৮ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্রের ১ সেট ফটোকপি (সত্যায়িত) এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙ্গিন ৫ কপি ও স্ট্যাম্প সাইজের ১ কপি ছবি সঙ্গে আনতে হবে। এছাড়া মুক্তিযোদ্ধা, উপজাতি, পোষ্যকোটার শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধার মূলসনদ ও সংশ্লিষ্ট কোটার কাগজপত্রসহ আগামী ১৪ জানুয়ারি সকাল ১০টায় মুক্তিযোদ্ধা, উপজাতি, পোষ্য কোটা কমিটির আহবায়ক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবু বকর সিদ্দিকীর নিকট আবেদনসহ সাক্ষাত্ করতে হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট www.mbstu.ac.bd পাওয়া যাবে।