মোনালিসার গায়ে হলুদ সম্পন্ন, আজ বিয়ে

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২০:০৭
গত ৯ ডিসেম্বর গায়ে হলুদ সম্পন্ন হলো এ সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মডেল-অভিনেত্রী মোনালিসার। আজ তার বিয়ে। পাত্র বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়ী, নাম ফাইয়াজ শরীফ ফাসবীর। মোনালিসার বিয়েতে উভয় পরিবারের আত্মীয়স্বজনসহ মোনালিসার বন্ধুবান্ধবরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, দীর্ঘদিন ভালোবাসার পর গত ১৭ জুন তারা দু’জন আমেরিকাতে আংটি বদল করেন। আংটি বদল অনুষ্ঠানে উভয় পরিবারের গুটিকয়েক মানুষ উপস্থিত ছিলেন। আংটি বদল অনুষ্ঠানটি একেবারেই ঘরোয়াভাবে করেন মোনালিসা। শিল্পী বাগদানের বিষয়টি কাউকে না জানাতে চাইলেও মিডিয়ার ব্যাপকতার কারণে বিষয়টি সবার জানা হয়। সেই আংটি বদলের প্রায় সপ্তাহ দুয়েক পর মোনালিসা দেশে ফিরেন। দেশে ফিরেই ইত্তেফাককে জানিয়েছিলেন ডিসেম্বরে বিয়ে সম্পন্ন হওয়ার কথা। নিজের বিয়ে প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘১২.১২.১২ তারিখটি সংখ্যাগত দিক দিয়ে খুবই আকর্ষণীয়। সেই হিসেবেই এই তারিখটি বাছাই করা হয়েছে। বিয়েতে খুব বেশি জাঁকজমক আয়োজন না থাকলেও পরিবারের লোকজন তো আর আনন্দ চেপে ধরে রাখবেন না। তারা তাদের মতো আনন্দ-উল্লাস করবেই। আমি খুব হ্যাপি যে, আমার আশপাশের শুভাকাঙ্ক্ষীদের দোয়ায়। আমি তাদের সবার কাছে দোয়া চাইছি সুন্দর ও সুখী সংসারের জন্য। আমরা দু’জন যেন খুব সুন্দর একটা সংসার সাজাতে পারি সেই দোয়াই চাই সবার কাছে।’