সিদ্দিকের গ্রামের বাড়িতেই বিয়ের আনুষ্ঠানিকতা

আপডেট : ১১ ডিসেম্বর ২০১২, ২০:১০
আজকের এই ১২.১২.১২ তারিখে ছোট পর্দার ব্যস্ত অভিনেতা সিদ্দিক বিয়ের ঘোষণা দিয়ে এলেও মূলত তাদের বিয়ে সম্পন্ন হয়েছে গত ২৪ মে। এ দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের পরিচালনায় সিরাজগঞ্জে ‘সুইট মানে মিষ্টি’ নাটকের শুটিংয়ের সময় পালিয়ে বিয়ে করেন সিদ্দিক। কনের নাম মারিয়া মিম। তিনি স্পেনে পড়াশোনা করছেন। দীর্ঘদিন ধরেই তাদের প্রেম চলছিল। কিছুদিন আগে দেশে ফিরেন মিম। তাই সময়ক্ষেপণ না করে সিদ্দিক বিয়ের কাজটা সেরে ফেলেন। সিদ্দিক বলেন, ‘ইচ্ছে ছিল আজকের এই বিশেষ তারিখটিতে উভয় পরিবার নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার। কিন্তু সবকিছু গুছিয়ে উঠতে না পেরে তা আর হলো না। আমি এখন নিজের গ্রাম মধুপুরেই আছি। আজ শুধু এতিমখানাতে এবং একেবারেই আমার পরিবারের মানুষদের নিয়ে ঘরোয়া অনুষ্ঠান করতে যাচ্ছি। আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বিবাহোত্তর সংবর্ধনা ঢাকায় অনুষ্ঠিত হবে। সবার দোয়া চাই।’