জার্মানির কিংবদন্তি জার্ড মুলার গত সোমবার লিওনেল মেসির প্রশংসা করেন। তিনি আশা করেন মেসির এই রেকর্ড যেন আগামী ৪০ বছর পর্যন্ত অক্ষত থাকে।
বার্সেলোনার সুপারস্টার মেসি গত রবিবার লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে জোড়া গোল করেন। এক পঞ্জিকাবর্ষে (২০১২) মেসির গোল সংখ্যা এখন ৮৬টি। তিনি বার্সার হয়ে ৭৪ এবং আর্জেন্টিনার হয়ে ১২টি গোল করেন। ১৯৭২ সালে মুলার পশ্চিম জার্মানি ও বায়ার্ন মিউনিখের হয়ে ৮৫ গোল করেছিলেন ৬০ ম্যাচে। সেখানে মেসি খেলেছেন ৬৬টি ম্যাচ। এ বছর আরো তিনটির মতো ম্যাচ খেলতে পারেন মেসি। গোল সংখ্যাকে আরো ওপরে নিয়ে যেতে পারেন বর্তমানে ২৫ বছর বয়সী এই আর্জেন্টাইন।
‘ডার বম্বার’ খ্যাত মুলার মেসির প্রসঙ্গে বলেন, ‘আমার রেকর্ডটি ছিল ৬০ ম্যাচে ৮৫ গোলের। সেটা ১৯৭২ সালের পর থেকে অক্ষত ছিল। আর সেটা ভেঙে গেল বিশ্বের সেরা ফুটবলারের কাছে। আমি তার প্রতি খুশি। আমি আশা করি সে ২০১২ সালে আরো এক দুটি গোল করবে আর এই রেকর্ডটি আরো ৪০ বছর পর্যন্ত অক্ষত থাকবে।’
