অনেক দিন ধরেই চেষ্টা চলছিল জেলা ফুটবলের জন্য স্পন্সর সংগ্রহের। সেটা পাওয়া গেছে। জানা গেছে, প্রাইম ব্যাংক এগিয়ে এসেছে জেলা ফুটবলে পৃষ্ঠপোষকতার জন্য। তাদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা পাওয়া যাবে বলে বাফুফে সূত্রে জানা গেছে। জেলা ফুটবল লিগ শুরু করতে বাফুফে থেকেই উদ্যোগ নেয়া হয়েছিল। এরই মধ্যে জেলাগুলোকে এক লাখ টাকা করেও দেয়া হয়েছে। এখন স্পন্সর সংগ্রহ করে জেলা ফুটবল মাঠ সরগরম করার জন্য বাফুফের জেলা ফুটবল লিগ কমিটি কাজ করে চলেছে। খুব স্বল্প সময়ের মধ্যেই স্পন্সরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। কয়েক বছর আগেও একবার প্রাইম ব্যাংক ফুটবলে পৃষ্ঠপোষকতা করার জন্য এগিয়ে এসেছিল। দেড় কোটি টাকার আনুষ্ঠানিক চুক্তির পরও বাফুফে সেবার সিটিসেলের সাথে নতুন চুক্তি করে ছয় কোটি টাকায়।
