রাজধানীসহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আর এতে হতাহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার ব্যাপারে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বিআরটিএ-কে ব্যবস্থা নিতে বলা হয়েছে। গতকাল জাতীয় সংসদ ভবনে অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ কথা বলা হয়। সংসদ সচিবালয় জানায়, গতকাল বৈঠক থেকেই কমিটি বিআরটিএ-কে বলেছে ফিটনেসবিহীন যানবাহন যাতে রাজধানীসহ দেশের সড়ক ও মহাসড়কে চলাচল করতে না পারে তা নিশ্চিত করতে হবে। সে সাথে ফিটনেসবিহীন যানবাহন আটক ও এর মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে। কমিটি চলতি অর্থ বছরের এডিপিভুক্ত যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও সেতু বিভাগ এবং রেলপথ-এর প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। কমিটিকে জানানো হয়, সড়ক বিভাগের ১৪৫টি, সেতু বিভাগের তিনটি এবং রেলপথ মন্ত্রণালয়ের ৪৪টি প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। প্রকল্পগুলোর কাজের অগ্রগতি কমিটি পর্যালোচনা করেছে।
