আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে কুমিল্লায় এই প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে ঘুড়ি উত্সব উদযাপন করা হয়। সামাজিক-সাংস্কৃতিক সংগঠন উষসী পরিষদ ও আম্বিয়া খাতুন স্মৃতি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গত ৫ ডিসেম্বর বুধবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দিনব্যাপী এ ঘুড়ি উত্সবের প্রথম পর্বের উদ্বোধন করেন এক্সিম ব্যাংকের পরিচালক আবদুল্লাহ আল জহির স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার ভৌমিক, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, আবদুর রউফ চৌধুরী ফারুক, উষসীর সভাপতি মো. ইউনুছ, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খান, সাংস্কৃতিক সংগঠক ফরিদ উদ্দিন সিদ্দিকী, অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যক্ষ এমদাদুল হক পলাশ, আবুল কাশেম হূদয়, ব্যবসায়ী নেতা শাহ মো. আলমগীর খান, আবদুল মুকিত টিপু, অ্যাড. মাহবুবুর রহমান, কবি ও সংগঠক ফখরুল হুদা হেলাল, হুমায়ুন কবীর, নাছির আহমেদ বাদল প্রমুখ। ঘুড়ি প্রদর্শনী ও উড়ানো প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে রং-বেরংয়ের ঘুড়ি নিয়ে ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ১ম হন মো. খলিলুর রহমান, ২য় মো. আলমগীর আলম ও ৩য় হয়েছেন মজিবুল হক দুলাল। বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ১ম বিজয়ীকে ১০ হাজার, ২য় বিজয়ীকে ৭ হাজার ও ৩য় বিজয়ীকে ৫ হাজার টাকাসহ ২০ জন প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়। বর্ণিল ঘুড়ির ব্যতিক্রমী এ বর্ণাঢ্য উত্সবকে ঘিরে কুমিল্লায় ব্যাপক সাড়া পড়ে। প্রতি বছর এ ধরনের ঘুড়ি উত্সব করার ঘোষণা দেন আয়োজকরা।
