শখ-নিলয়ের

ভালোবাসা ও বিয়ে

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ১৯:১২
বছর দুয়েক আগে শখ ও নিলয় জুটি বেঁধে প্রথম পর্দায় আসেন বাংলালিংকের বিজ্ঞাপনে। এরপর এই জুটিকে দেখা গেছে একাধিক টিভি নাটকে অভিনয় করতে। এই জুটিকে নিয়ে সর্বশেষ শুরু হয়েছে ‘অল্প অল্প প্রেমের গল্প’ নামের একটি চলচ্চিত্র। এর আগে তাদের দু’জনেরই একটি করে ছবি মুক্তি পেয়েছে। শখের ‘বলো না তুমি আমার’ আর নিলয়ের ‘বেইলি রোড’। পরিচালক সানিয়াত হোসেন শখ-নিলয় জুটিকে নিয়ে গত ফেব্রুয়ারি মাসে শুরু করেন ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবির শুটিং। মিডিয়ায় চাউর হয়েছে রোমান্টিক এই ছবিটির শুটিং শেষ হওয়ার আগেই আংটি বদলের মাধ্যমে জীবন-জুটি হওয়ার অঙ্গীকারে আবদ্ধ হয়েছেন শখ ও নিলয়। দুই পরিবারের মধ্যস্থতায় অভিভাবকদের উপস্থিতিতে কঠোর গোপনীয়তা অবলম্বনের মাধ্যমে শখদের বাসায় অনুষ্ঠিত হয়েছে তাদের বাগদান। দুই পরিবারের পক্ষ থেকেই বিষয়টি আপাতত গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হলে শখ ও নিলয়ের ঘনিষ্ঠরাই বিষয়টি ফাঁস করে দিয়েছেন। চলতি বছরের শেষের দিকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে বলে জানা গেছে। তবে কবে সেই মাহেন্দ্রক্ষণ তা এখনও জানা যায়নি। এ বিষয়ে শখ ও নিলয়ের সঙ্গে যোগাযোগ করা হলে দু’জনই সম্পর্কের কথাটি স্বীকার করে নেন। শখ বলেন, ‘শুরুতে আমরা ছিলাম খুব ভালো বন্ধু। একসঙ্গে কাজ করতে করতে আমাদের মধ্যে রিলেশন তৈরি হয়। আপাতত এটুকুই বলব। এর বেশি বলতে মুরব্বিদের নিষেধ আছে।’ এ প্রসঙ্গে নিলয়ও বলেন প্রায় অভিন্ন কথা। সেই সঙ্গে যোগ করেন, ‘সময় হলে সবাইকে জানাব সবকিছু।’ শখ ও নিলয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, শুরুতে তাদের মধ্যে বন্ধুত্ব থাকলেও বছর খানেক আগে একসঙ্গে কাজ করতে করতেই তাদের মধ্যে হয়ে যায় হূদয়ের লেনদেন। গত ফেব্রুয়ারিতে রোমান্টিক প্রেমের ছবি ‘অল্প অল্প প্রেমের গল্প’-এর শুটিং চলার সময়ই তারা একসঙ্গে জীবন সাজানোর সিদ্ধান্ত নেন এবং উভয়েই নিজ নিজ পরিবারকে সিদ্ধান্তের কথা জানান। সেলিব্রেটি সন্তানের সিদ্ধান্তে সম্মতি দিয়ে পারিবারিক মধ্যস্থতায় আংটি বদলের মাধ্যমে সম্পন্ন হয়েছে শখ-নিলয়ের বাগদান। এ বিষয়ে শখের পরিবারের বক্তব্য হলো- ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি। পুরোটাই ভিত্তিহীন ও বানোয়াট। আমাদের কাছে কয়েকজন সাংবাদিক এ বিষয়ে জানতে চেয়ে ফোন দিয়েছেন। আমি বুঝতে পারি না, কেন এ ধরনের গুজব ছড়ানো হয়।’ সেই বাংলালিংকের বিজ্ঞাপন থেকে শুরু করে ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবি পর্যন্ত শখ-নিলয় জুটি বেঁধে কাজ করছে। একসঙ্গে কাজ করলে ছেলেমেয়ের মধ্যে ভালো সম্পর্ক হতেই পারে। তার মানে এই নয় যে, তাদের মধ্যে প্রেম, বিয়ে কিংবা বাগদানের মতো ঘটনা ঘটেছে। আরেক সূত্র জানায়, নিলয় ও শখের মধ্যে ভালো বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক বিদ্যমান। তবে তাদের মধ্যে আংটি বদল বা বিয়ে এখনো হয়নি। তারা আগামীতে বিয়ে করছে এ কথা সত্য। কথায় আছে—যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এর আগে বাংলালিংকের বিজ্ঞাপনের কাজ করে প্রেমে পড়েছেন নীরব-সারিকা। এবার নাম এসেছে শখ-নিলয়ের। নিরব-সারিকা সম্পর্ক এখন ওপেনসিক্রেট। একসঙ্গে ঘনিষ্ঠ চলাফেরা থেকেই সূত্রপাত শখ-নিলয় নাটকের। বিজ্ঞাপনচিত্র কিংবা ‘অল্প অল্প প্রেমের গল্প’ শুটিংয়ের প্রত্যক্ষদর্শীদের মতে, ‘ডালমে কুচ কালা হ্যায়’। দুজনের ঘনিষ্ঠদেরও বক্তব্য অভিন্ন। ফেব্রুয়ারিতে রোমান্টিক প্রেমের ছবি ‘অল্প অল্প প্রেমের গল্প’-এর শুটিং শুরু হলে তাদের নিয়ে গুজব আকাশ ছোঁয়। অথচ শখ-নিলয় ভাঙা রেকর্ডের মতো গেয়েই চলেছেন বন্ধুত্বের গান। অস্বীকার করেছেন হূদয়ঘটিত সম্পর্কের কথা। এরই মধ্যে দুই পরিবারের মধ্যস্থতায় শখদের বাসায় বাগদানের খবর। মিডিয়ায় একটা কথা এখন সবার মুখে মুখে—শখ-নিলয়ের বাগদান হয়ে গেছে। এখন তাদের বিয়ের খবর শোনার অপেক্ষায় আছে সবাই।