ববি ও নিরব পৃথকভাবে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও এবার একসঙ্গে অভিনয় করবেন ‘না বলা ভালোবাসা’ নামের একটি ছবিতে। এটি পরিচালনা করবেন সেলিম রেজা। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এর দৃশ্যধারণ শুরু হবে। গল্পে দেখা যাবে, ববি ও নিরব একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারে না। পরিচালক সেলিম রেজা জানান, গানগুলোর চিত্রায়ন হবে মালয়েশিয়ায়। আহমেদ হুমায়ূনের সুরে এরই মধ্যে একটি গানে কণ্ঠ দিয়েছেন রেশাদ ও কণা। অন্য গানগুলো গাইবেন এসআই টুটুল, নির্ঝর, বেলাল খান, ইমরান ও পড়শী। এদিকে ববি অভিনীত ‘দেহরক্ষী’ এখন মুক্তির অপেক্ষায়। তিনি বলেন, ‘বড় পর্দায় নিয়মিত কাজ করতে চাই। এবার নিরবের সঙ্গে কাজের সুযোগ পেয়ে ভালো লাগছে।’
