মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে অভিনয় করলেন চিত্রনায়িকা পূর্ণিমা। নাটকটির শিরোনাম ‘এই বাড়ি সেই বাড়ি’। পূর্ণিমা জানান, মুক্তিযুদ্ধকালীন স্বাধীনতাবিরোধীদের বাড়ি দখলের ঘটনা নিয়ে এ নাটকের পটভূমি গড়ে উঠেছে। নাটকের গল্পে দেখা যাবে, মফস্বলের একটি বাড়ি। সে বাড়িতে চারজন সদস্য বসবাস করেন। ’৭১-এর ২৫ মার্চ দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়। বাড়ির বড় ছেলে মুক্তিযুদ্ধে চলে যান। এক সময় বাড়িটি দখল করে নেয় স্বাধীনতাবিরোধীরা। বাড়ির তিন সদস্য আটকা পড়েন। তারপর ঘটে ভয়ঙ্কর সব ঘটনা। বাড়িটি দখলমুক্ত করতে শুরু হয় নতুন নাটকীয়তা। সম্প্রতি এ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর রাতে নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে। পূর্ণিমা জানান, এ নাটকে অভিনয় করতে গিয়ে তাকে সত্তর দশকের নারীদের বেশ ধারণ করতে হয়েছে। পূর্ণিমা ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন—সুবর্ণা মুস্তাফা, চঞ্চল চৌধুরী এবং ‘নূরজাহান’খ্যাত পুনম হাসান জুঁই। খণ্ডনাটক ছাড়াও বর্তমানে পূর্ণিমা মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ইডিয়টস’ নামের একটি ধারাবহিকের শুটিং করছেন। পূর্ণিমা জানান, কয়েকজন বন্ধুর মজার ঘটনা নিয়ে ‘ইডিয়টস’ ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছে।
