‘এইম ইন লাইফ’, ‘পাটি গণিত’, ‘পুতুল খেলা’ ও ‘লংমার্চ’-এর সাফল্যের পর মাসুদ সেজান এবার নির্মাণ করছেন মেগা সিরিয়াল ‘রেড সিগন্যাল’। এই ধারাবাহিক প্রসঙ্গে নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান বলেন, ‘ভুল করছি জেনেও ভুলের দিকে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা যেমন বেড়ে চলেছে। এখানে রেড সিগন্যাল মূলত বিবেক। কে কাকে রেড সিগন্যাল দেখাতে পারে যদি সে নিজেকেই না আটকায়।’ এরই মধ্যে নাটকটির ২০ পর্বের শুটিং শেষ করেছেন তিনি। নাটকে অভিনয় করেছেন—মোশাররফ করিম, চিত্রনায়িকা নিপুণ, মারজুক রাসেল, আ খ ম হাসান, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী, ড. ইনামুল হক, মিলন ভট্ট, সমাপ্তি মাসুক, রোবেনা রেজা জুঁই, সফিক খান দিলু প্রমুখ। ‘রেড সিগন্যাল’ খুব শিগগিরই বাংলাভিশনে সম্প্রচার হবে।
