বিশ্ব অর্থনৈতিক সংকটেও দেশের প্রবৃদ্ধি স্থিতিশীল :এফবিসিসিআই

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২০:০১
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেছেন, সামপ্রতিক সময়ে বিশ্ব অর্থনৈতিক সঙ্কট সত্ত্ব্বেও দেশের মোট জাতীয় উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি স্থিতিশীল রয়েছে। এ অবস্থায় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অর্থনৈতিক উন্নয়নের গতিধারা ব্যাহত হওয়া কিছুতেই কাম্য নয়। গতকাল এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। দেশের অর্থনৈতিক উন্নয়নের বিবরণ দিয়ে তিনি বলেন, ২০১২-২০১৩ অর্থ বছরের জুলাই-নভেম্বর মাসে রফতানি আয় হয়েছে ১০ দশমিক ১৩৩ বিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৬ শতাংশ বেশি। মূল্যস্ফীতির হার বর্তমানে সিঙ্গেল ডিজিটে অবস্থান করছে। গত মাসে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ। আগের বছর একই সময়ে এই হার ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ। তিনি আরও বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্রমাগতভাবে বেড়ে ১১ দশমিক ৮৪৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৯ দশমিক ২৭৫ বিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থ বছরের জুলাই-নভেম্বর মাসে অর্থাত্ প্রথম ৫ মাসে প্রবাসী আয় হয়েছে ৬ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ২৪ দশমিক ১৭ শতাংশ বেশি। কাজী আকরাম উদ্দিন আহমেদ আরও বলেন, চলতি অর্থ বছরের প্রথম ৪ মাসে এনবিআর কর্তৃক মোট রাজস্ব আয় হয়েছে ২৮ কোটি ৬২৪ লাখ টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৮২ শতাংশ বেশি। এদিকে এই সময়ে দেশে নীট বৈদেশিক বিনিয়োগ এসেছে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৩০৬ মিলিয়ন মার্কিন ডলার। এফবিসিসিআই সভাপতি বলেন, দেশে যখন এভাবে উন্নয়নের গতিধারা অব্যাহত রয়েছে এমতাবস্থায় রাজনৈতিক অস্থিতিশীলতা কিছুতেই কাম্য হতে পারে না। তিনি বলেন, চীন, থাইল্যান্ড, তুরস্ক, জাপান, ভারত, বেলারুশসহ পৃথিবীর বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে তাদের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। পোশাক শিল্পে অস্থিরতা কাটিয়ে শিল্পে অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে পুনরায় পণ্য ক্রয়ের আগ্রহ প্রকাশ করছে। এ অবস্থায় যে কোন ধরনের রাজনৈতিক অচলাবস্থা অর্থনৈতিক লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করবে। যা আমরা আশা করি না। তাছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতা ২০১৩ সালের মধ্যে ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির মাধ্যমে ক্রমান্বয়ে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে। তাই রাজনীতিবিদদের এসব বিষয়ে এখনই সিদ্ধান্ত নেয়া প্রয়োজন।