ব্রিটিশবিরোধী আন্দোলনে বাঙালিদের মধ্যে অন্যতম সাহসী ও কিংবদন্তি ব্যক্তি ছিলেন দুদুমিয়া। তিনি বাঙালিদেরকে ব্রিটিশদের অত্যাচারের হাত থেকে রক্ষার জন্য লড়েছিলেন। সেই দুদুমিয়ার চরিত্রে এবার একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এই ছবিতে আমিন খানের বিপরীতে অভিনয় করছেন নওশীন। ছবিটি প্রসঙ্গে আমিন খান বলেন, ‘ছবিটিতে আমি দুদুমিয়া চরিত্রে অভিনয় করছি। খুবই সাহসী একটি চরিত্র। গল্পটি ঐতিহাসিক তো তাই কাজের ইচ্ছেটাও এখানে বেশি। এরইমধ্যে অনেকখানি শুটিং হয়ে গেছে। আগামী শুটিং করব গাজীপুরে। এই ফিল্মের গানগুলো অসাধারণ হয়েছে। আমি প্রতিদিনই এই গানগুলো শুনছি। যতই শুনছি ততই ভালো লাগছে। শ্রোতাদেরও গানগুলো ভালো লাগবে। আর এটি ছাড়া ‘সুখ কপালে নাই’ নামের একটি ফিল্মেও কাজ করছি। এমনিতে বেশ কিছু নাটক টেলিফিল্ম করেছি। সম্প্রতি ‘সময়ের ভালোবাসা অসময়ে বাসো কেন?’ টেলিফিল্মে কাজ করেছি।’
