ক্ষতিপূরণ ৩ কোটি রুপি
ব্রিটেনের রাজপরিবারে নতুন অতিথি আসছেন। কেট মিডলটন মা হচ্ছেন। এ খবরটি একটি অস্ট্রেলীয় রেডিও ভুয়া ফোনের মাধ্যমে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নার্স জেসিন্থা সালডানহার কাছ থেকে জেনেছিলো। এটি গণমাধ্যমে প্রচারের পরই ঐ নার্স আত্মহত্যা করেন। রেডিও সংস্থা সাউদার্ন ক্রস অস্টেরিও আত্মঘাতী নার্সের পরিবারকে তিন কোটি ভারতীয় রুপি ক্ষতিপূরণ দিতে চেয়েছে।—বিবিসি
হামলাকারীকে জামিনে মুক্ত
নেপালের ক্ষমতাসীন মাওবাদী দলের নেতা এক তরুণ বাবুর্চিকে জামিনে মুক্ত করতে অর্থ দিয়েছেন। মাওবাদী এ নেতার গালে চড় মারার অভিযোগে তার বিচার চলছিল। দলীয় সূত্র এ কথা জানায়। কাঠমান্ডুতে একটি চা-চক্র অনুষ্ঠানে মাওবাদী নেতা পুষ্প কমল দাহালকে হামলার অভিযোগে পদম কানওয়ার (২৫) এক মাস আগে গ্রেফতার হন।—এএফপি
কেলেংকারির অভিযোগে পদত্যাগ
সিঙ্গাপুরে পার্লামেন্টের স্পিকার মিশেল পলমার (৪৪) যৌন কেলেংকারির অভিযোগে বুধবার পদত্যাগ করেছেন। এক সন্তানের জনক পলমার তার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ স্বীকার করে নিয়ে পদত্যাগ করেছেন। পাশাপাশি তিনি পার্লামেন্টে তার আসন এবং ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির সদস্যপদও হারালেন।—এএফপি
মন্টি অতিমাত্রায় জার্মানপ্রেমী
ইটালির প্রধানমন্ত্রী মারিও মন্টির নীতি ‘অতিমাত্রায় জার্মান-কেন্দ্রিক’ বলে অভিহিত করেছেন সিলভিও বার্লুসকোনি। তিনি তার সরকারের পতন ঘটানোর জন্য একটি কৌশল হিসেবে সে সময় বন্ডও ছাড়া হয়েছিল বলে অভিযোগ করেন। বার্লুসকোনি মঙ্গলবার চ্যানেল-৫ এ দেয়া এক সাক্ষাত্কারে এসব কথা বলেন।—এএফপি
‘হিরো অব লেবার’ চালু হবে
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বলেছেন, রাশিয়ার উচিত শ্রমিকদের কাজের গতিশীলতা ও উত্পাদন বাড়াতে সাবেক সোভিয়েত আমলের ‘হিরো অব লেবার’ খেতাব পুনরায় চালু করা। এই খেতাবটি ছিল সোভিয়েত ইউনিয়নের গোড়ার দিককার সম্মানজনক পুরস্কার। পুতিন বলেন, এই খেতাব পুনরায় চালু করা আমাদের জন্য ভালো হবে।—এএফপি
