আইসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাতকে আগামী বছর পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে (পিপিএল) উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতোমধ্যেই এ পদে দায়িত্ব নিতে সম্মত করিয়েছে তাকে।
একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, দীর্ঘ আলোচনার পর পিপিএল’র একজন পরামর্শক হিসাবে দায়িত্ব নেয়ার জন্য লরগাতকে রাজি করাতে পেরেছে পিসিবি। বোর্ডের এই সূত্র অবশ্য বলেন, ‘এখন পর্যন্ত কোন চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে পিসিবি তার সম্মতি আদায় করতে পেরেছে। বোর্ড শুধু পিপিএল আয়োজন করতেই তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় না, একই সাথে আন্তর্জাতিক দলগুলোকে পাকিস্তানে খেলতে সম্মত করার কাজেও তাকে কাজে লাগাতে চায়।’
সূত্রটি জানায়, চুক্তি অনুযায়ী সব কিছু চূড়ান্ত হওয়ার পর প্রতি মাসেই কয়েক দিন করে লরগাত পিসিবি সদর দফতর লাহোরে অবস্থান করবেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আইসিসির সিইও হিসাবে দায়িত্ব পালনকালে নিজের কর্মদক্ষতা দ্বারা বিশ্ব ক্রিকেট অত্যন্ত সমাদৃত হয়েছেন লরগাত এবং সফলভাবে একটি পিপিএল আয়োজনে তার অভিজ্ঞতা তাদের জন্য সহায়ক হবে বলে মনে করে পিসিবি।’
লরগাত পিসিবি’র চেয়ারম্যান ও চীফ অপারেটিং কর্মকর্তার সঙ্গে ইতোমধ্যে লাহোরে এসে দেখা করে গেছেন। ২০১৩ সালের মার্চ মাসের শেষ দিকে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের জন্য বোর্ড ইতোমধ্যে কয়েকটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গেও কথা বলেছে পিসিবি। এর মধ্যে দু’টি ভারতীয় কোম্পানিও আছে।—বাসস/এএফপি
