নতুন অধিনায়ক চান অমরনাথ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২০:৩১
ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিং ধোনিকে দেখতে চান না সাবেক তারকা ক্রিকেটার মহিন্দার অমরনাথ। ধোনীর বর্তমান পারফরমেন্সের সমালোচনা করে তিনি বলেন, ধোনির এই ফর্ম কোনভাবেই তাকে দলভুক্তির ব্যাপারে সমর্থন করে না। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডে এমন কোন ব্যক্তি নেই যে তার অপসারণের পক্ষে কথা বলবে। সব সময় স্পষ্টবাদী হিসেবে পরিচিত ৬২ বছর বয়সী অমরনাথের নিজের ক্রিকেট ক্যারিয়ারে এবং একই সাথে খেলা ছেড়ে দেবার পরেও দেশীয় ক্রিকেট কর্মকর্তাদের সাথে বনিবনার ঘাটতি ছিল। গত নির্বাচক কমিটিতেও তিনি অল্প কিছুদিনের জন্য কাজ করেছেন মাত্র। এমনকি নির্বাচক কমিটির চেয়ারম্যানের পদের জন্যও তিনি এগিয়ে ছিলেন। কিন্তু শেষ মহূর্তে বিসিসিআই’র শীর্ষ কর্মকর্তাদের সাথে মতবিরোধের জের ধরে তাকে সরিয়ে দেয়া হয়। সেই সময়ই শোনা গিয়েছিল ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় পরাজয়ের পর অধিনায়ক হিসেবে ধোনীর নেতৃত্ব বজায় রাখার বিপক্ষে কথা বলেছিলেন অমরনাথ। পুনেতে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে ৬৯ টেস্ট খেলা অমরনাথ বলেন, ‘বর্তমান দলে ধোনির জায়গা পাবার কোন কারণই নেই। গত এক বছরে সে দলের জন্য কি করেছে। ধোনিকে অপসারণের সিদ্ধান্ত নেবার মত সাহস নির্বাচক কমিটির কারো নেই।’ নির্বাচক কমিটি থেকে তাকে সরিয়ে দেয়া প্রসঙ্গে সাবেক এ টেস্ট ক্রিকেটার বলেন, ‘আমি কখনই ধোনির বিপক্ষে ছিলাম না। বিষয়টি এমন নয় যে আমি তাকে পছন্দ করি না। কিন্তু আমাদের অবশ্যই বিষয়টি সার্বিক প্রেক্ষাপট থেকে বিবেচনা করতে হবে। অতীত পারফরমেন্সের তুলনায় খেলোয়াড়ের বর্তমান ফর্মের দিকেই বেশি গুরুত্ব দেয়া উচিত।’ উত্তর জোনের নির্বাচক প্যানেলের প্রতিনিধিত্ব করা অমরনাথের সম্পর্কে গুজব রয়েছে যে, ধোনির অধিনায়কত্ব বজায় রাখার ব্যাপারে সমালোচনার পাশাপাশি গেল সেপ্টেম্বরে শ্রীলংকায় অনুষ্ঠিত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন নিয়েও তার সাথে বোর্ডের বিরোধ হয়েছিল। অমরনাথের মতে, ক্রিকেটের তিন ঘরানায় ভিন্ন ভিন্ন অধিনায়ককে দলের দায়িত্ব দেয়া যেতে পারে। সংক্ষিপ্ততম ঘরানায় বিরাট কোহলিকে চেষ্টা করে দেখা যেতে পারে। আর টেস্টে ধোনির পরিবর্তে গৌতম গম্ভীরকেই এগিয়ে রেখেছেন অমরনাথ। শচিন টেন্ডুলকারের ব্যাপারেও নিজের মতামত জানিয়েছেন অমরনাথ। তিনি বলেন, শচিন একজন অসাধারণ ক্রিকেটার। সে অনেক বছর দেশকে প্রতিনিধিত্ব করেছে। এখন সে আর আগের মত খেলতে পারে না। এ ধরনের সময় সকলের ক্যারিয়ারেই আসে। কাজেই এখন সময় এসেছে ভারতীয় দলে তরুণদের সুযোগ দেবার। যখন অন্য খেলোয়াড়রা পারফর্ম করতে পারে না তখনই নতুনদের সুযোগ করে দেয়া উচিত। তাদের পারফরমেন্স দেখানোর জন্য আমাদের অবশ্যই সময় ও সুযোগ করে দিতে হবে। অমরনাথের একসময়ের সতীর্থ দিলীপ ভেঙ্কসরকার মনে করেন, বর্তমান ক্রিকেটারদের বদলি হিসেবে সঠিক খেলোয়াড় বাছাই হচ্ছে না। তিনি বলেন, এ মুহূর্তে দলে কিছু খেলোয়াড়ের ইনজুরি রয়েছে। কিন্তু আমরা তাদের পরিবর্তে শক্তিশালী কোন বদলি খেলোয়াড়কে সুযোগ দিচ্ছি না। সাবেক এই অধিনায়ক একসাথে দলের তিন অভিজ্ঞ খেলোয়াড় জহির খান, হরভজন সিং এবং যুবরাজ সিংয়ের বাদ পড়াকে মেনে নিতে পারছেন না। আগামী বছর পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এই তিনজনের প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।—বাসস/এএফপি