ভারতের টি-টোয়েন্টি দলে রাইদু

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২০:৩২
ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ইনজুরিতে পড়া মনোজ তিওয়ারির পরিবর্তে ভারতীয় দলে ডাক পেয়েছেন আম্বাতি রাইদু। ২০ ও ২২ ডিসেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ঘরোয়া রনজি ট্রফিতে সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় রবিবার ইনজুরিতে পড়েন পশ্চিম বাংলার হয়ে খেলা তিওয়ারি। এ আঘাতের জন্য কম করে হলেও ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। রনজি ট্রফিতে ২০১০-১১ মৌসুম থেকে বরোদার হয়ে খেলা রাইদু চলতি মৌসুমে ব্যাট হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে চলেছেন। গত পাঁচ ইনিংসে তার রান ৬৪, ৮৫, ১০, ৫৪, ১, ১৩১ এবং ৫৮। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগে মুম্বাই ইন্ডিয়ানস-এর হয়ে খেলা রাইদু ব্যাট হাতে মিডল অর্ডারে তেমন একটা সফলতা পাননি। তবে সর্বশেষ আইপিএল মৌসুমে মুম্বাই ইন্ডিয়ানসের পক্ষে রোহিত শর্মার পর দ্বিতীয় সর্বোচ্চ ৩৩৩ রান করেন তিনি। ১৫ ইনিংসে তার স্ট্রাইকিং রেট ছিল ১৩২.১৪। যদিও ক্রিকেটের কোন ঘরানাতেই ভারতীয় দলে এখনো তার অভিষেক হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির পর ভারতীয় দল নিজ মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে একটি সীমিত ওভারের সিরিজ খেলবে। এরপর জানুয়ারি মাসে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড দল পুনরায় ভারত ফিরবে।