নিজেদের মাঠে ফেনীর সকার ক্লাব বরাবরই ফেভারিট। নিজেদের সমর্থকদের সামনে ভালো খেলা উপহার দেয়ার নজির আছে দলটির। মাঠে গিয়ে অনৃুপ্রেরণা দেয়ার জন্য তাদের আছে নিজস্ব সমর্থক। যে কারণে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অতিথি দলগুলো ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে খেলতে নেমে খুব সহজেই পেরে ওঠে না। কোনো রকমে ম্যাচ জিতে ফিরতে হয় ঢাকার দলগুলোকে। তারপরও ভাগ্য বলে কথা। গতকাল বুধবারও সেটাই হয়েছে এই মাঠে। অফিস দল বিজেএমসি ১-০ গোলে হারিয়েছে সকার ক্লাবকে।
জয়সূচক গোলটি করেন শাকিল। ম্যাচের ১০ মিনিটে পাওয়া গোলটি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আরিফ খান জয়ের দলটিকে। অবশিষ্ট ৮০ মিনিট চেষ্টা করেও সকার ক্লাব গোলটা ফিরিয়ে দিতে পারেনি ঠিকই তবে বিজেএমসিও দ্বিতীয় গোলের দেখা পায়নি। অথচ ম্যাচের শুরুটা ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণের। সুযোগটা কাজে লাগায় বিজেএমসি। পারেনি সকার ক্লাব। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়েও ফেনী সকার ক্লাব ভাল কোন আক্রমণ করতে পারেনি। হার নিয়ে মাঠ ছাড়ে সকার ক্লাব। দর্শকরাও হতাশ হয়ে মাঠ থেকে বেরিয়ে যান। লিগে তিন ম্যাচে বিজেএমসির এটাই প্রথম জয় আর সকার ক্লাব দুটিতেই হারল।
