করিন্থিয়ান্স ফাইনালে

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২১:২৯
পেরুভিয়ান স্ট্রাইকার পাওলো গুইরেরোর একমাত্র গোলে ব্রাজিলের দল করিন্থিয়ান্স গতকাল বুধবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে মিশরের আল আহলিকে ১-০ ব্যবধানে হারিয়ে ফিফা ক্লাব ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শিরোপাধারী চেলসি ও কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকোর মন্টেরের মধ্যকার বিজয়ীর সাথে। আজ বৃহস্পতিবার চেলসি ও মন্টেরে প্রতিযোগিতার অপর সেমিফাইনালে মুখোমুখি হবে। আল আহলি ১৬ ডিসেম্বর তৃতীয়স্থান অধিকার ম্যাচ খেলবে ইয়োকোহামায়। ফাইনাল ম্যাচটিও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে এদিন। কোপা লির্বাটেডোরেস চ্যাম্পিয়ন করিন্থিয়ান্সের মিডফিল্ডার ডগলাসের ক্রস থেকে হেড করে গোল করেন গুইরেরো। ৩০ মিনিটে দেয়া গোলটির সুবাদে দলটি শিরোপা থেকে আর এক ম্যাচ দূরে। করিন্থিয়ান্স ২০০০ সালেও এই শিরোপাটি জিতেছে । সেটাই ছিল দক্ষিণ আমেরিকার কোন ক্লাবের সর্বশেষ বিশ্বকাপ জয়। কেননা ২০০৬ সালের ফাইনালে দক্ষিণ আমেরিকার দল ইন্টারন্যাসিওনাল ১-০ গোলে হেরে গিয়েছিল বার্সেলোনার কাছে। আল আহলি এর আগে জাপানের স্যানফ্রিসে হিরোশিমাকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। হিরোশিমা কাল এশিয়ান চ্যাম্পিয়ন উলসান হুন্দাইকে ৩-২ গোলে হারিয়ে পঞ্চমস্থান দখল করে।