বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগে উন্নীত ছয়টি ক্লাবকে দুটি করে কাউন্সিলরশীপ দেয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখায় ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান আহাদ আলি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ক্লাব সমিতি।
গতকাল বুধবার ক্লাব সমিতির সভাপতি ও শেখ জামাল ক্রীড়া চক্রের সভাপতি মনজুর কাদেরের স্বাক্ষরিত এক চিঠিতে এই অভিনন্দন জানানো হয়। অভিনন্দন বার্তায় এই ধারা সংযোজনকে যুগান্তকারী বলেও আখ্যায়িত করে ক্লাব সমিতি।
অভিনন্দন বার্তায় বলা হয়- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে সময়োপযোগী এই ধারা সংযোজনের ফলে ক্রিকেটের মানোন্নয়নে আত্মনিবেদিত ক্লাব কর্মকর্তাদের ক্রিকেটের প্রতি ব্যক্তিগত আগ্রহ ও সম্পৃক্ততা আরো বাড়বে বলে মনে করে সমিতি।
