শো-বিজে নতুন জানালা

তারকাদের লাল গালিচা সংবর্ধনা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১২, ২১:৩৩
রেড কার্পেট কালচার এতদিন অস্কার, গ্র্যামী বা কান উত্সবে থাকলেও এখন শুরু হয়েছে বাংলাদেশেও। সম্প্রতি দেশের একমাত্র ডিজিটাল থিয়েটার স্টার সিনেপ্লেক্সে এই কালচার শুরু হয়েছে। জেমস বন্ড মুভি ‘স্কাইফল’-এর প্রিমিয়ারে দেশীয় এক ঝাঁক তারকার লালগালিচা সংবর্ধনার আয়োজনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি করেছে। এরপর কণ্ঠশিল্পী কনা তার নতুন অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানেও একই ভাবে সঙ্গীত তারকাদের নিয়ে রেড কার্পেট অনুষ্ঠানের আয়োজন করে। এই নতুন সংস্কৃতিতে এখন বিভিন্ন আয়োজনে তারকাদের সম্মিলনের উদ্যোগকে অনেকেই প্রশংসা করেছেন। এ প্রসঙ্গে চিত্রনায়ক প্রযোজক অনন্ত বলেন,‘ আমার মনে হয় এই চর্চাটা আরো আগেই শুরু করা উচিত ছিল। অবশ্যই স্টার সিনেপ্লেক্সকে এই উদ্যোগের জন্য সাধুবাদ জানাতে হয়।’ সম্প্রতি অনুষ্ঠিত স্কাইফলের প্রিমিয়ারে বিশাল তারকা সম্মিলনের আয়োজন করা হয়। এতে চিত্রনায়ক অনন্ত, বর্ষা, তৌকির-বিপাশা দম্পতি, ব্যান্ড তারকা শাফিন আহমেদ, মোনালিসা, সুমাইয়া শিমুসহ একঝাঁক তারকা অংশ নেন। এই উদ্যোগ প্রসঙ্গে শাফিন আহমেদ বলেন,‘এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপক মেসবাহ আহমেদ বলেন,‘আমরা আমাদের নিজেদের তারকাদের নিয়ে যদি আড়ম্বর না করি, তবে তো গোটা কালচারাল এরিনায় ম্রিয়মাণ হতে শুরু করবে। এ কারণেই এই উদ্যোগ নেয়া। জানা গেছে প্রায় প্রতিমাসেই এ ধরনের বিভিন্ন উদ্যোগে রেড কার্পেটে তারকাদের উপস্থাপনা উদ্যোগ আরো কয়েকটি কেন্দ্রেও আয়োজিত হতে যাচ্ছে।