পিচঢালা পথ নয়—কাদার পক্ষের
ব্যস্ততার পক্ষে নয়—বিহঙ্গ পক্ষের
বৃক্ষের মমতাঘেরা ছায়ার পক্ষের
সমুদ্র পক্ষের
রক্তের ভেতরে স্রোত প্রবাহী নদীর
বয়ে যায় খোলা মাঠে ধু ধু হাওয়া
খোলা মাঠ—নাড়া-খড়
হাওরের থই থই জলের পক্ষের
ঝিঁঝিঁডাকা রাত—জ্যোত্স্না ও জোনাকি পক্ষের
যদি পার কণ্টকের পথে হেঁটে যেতে
সঙ্গে থাকো—
সুউচ্চ ভবন নয় মেঘের পক্ষের
তবু এখানে আমি
এসি, টিভি, ফ্রিজ, কত যন্ত্রের ভেতর
তবু এখানে আছি ছদ্মবেশে
ইট-পাথরের দেয়াল দাঁড়িয়ে চারপাশে
মূলত হয়েছি আমি মাটির পক্ষের ।
