মনের দোলায় বসে লাউদোলে দোল খায় এ কোন্ কইতর?
জানা অজানার ভার সব তার বাকি সব নিষিদ্ধ ভোমর।
বলি তাকে যাবে লগে চলো যাই যত দূর দুই চোখ যায়
জাবর কাটার ঢঙে ভাবলেশশূন্য মনে বলে শুধু—হয়।
নড়ে না সে একদম মুছে যেতে থাকে সব পেছনের স্বর
সে থাকে স্থির হতে, ধীর লয়ে জমতে থাকে লাবণ্যের চর।
দেখো তো লোকের চোখে ঘুঘুর দু চোখ ভরা মায়া আছে কি না
হেসে বলে—ভালোবাসা কাদা হলে লেপটে যায় দেহ মন সিনা।
গুণীকে খেদায়ে বলি মায়ারও তো কায়া আছে চেন তুমি ছাই
হাজার কাঁটার ভিড়ে জলজ কুসুম বলে—আমিই কানাই
শুচি-শুদ্ধ তুমি শুধু আউলা কথা কয় সে প্রেমিক গুনিন
উজানে তোমার জন্ম—বাড়ি নয়, উঠানেরই দাম চিরদিন।
