আগামী সপ্তাহেই প্রকাশ হচ্ছে বিশ্বখ্যাত সংগীতশিল্পী এ আর রহমানের নতুন একক অ্যালবাম। এটি তার দ্বিতীয় একক। অস্কারজয়ী ও গ্র্যামি জয়ী এই শিল্পী ১৯৯৭ সালে ‘বন্দে মাতারাম’ শিরোনামের একটি একক অ্যালবাম প্রকাশ করেন। এটিই ছিল তার প্রথম একক অ্যালবাম। তারপর তিনি আর কোনো একক অ্যালবাম প্রকাশ করেননি। শুধু চলচ্চিত্রের প্লে-ব্যাক, আবহসংগীত এবং কিছু মিক্সডের কাজ করেছেন। তার নতুন অ্যালবামের নাম রাখা হয়েছে ‘মা তুঝে সালাম’। জানা গেছে, সম্পূর্ণ নতুন ধরনের মিউজিক সৃষ্টি করেছেন এই গানে। বাদ্যযন্ত্রের গতানুগতিক সুর ভেঙে তিনি গানটি তৈরি করেছেন। তিনি কিছু নতুন বাদ্যযন্ত্রও সংযোজন করেছেন। তিনি বলেন, ‘আমার জীবনের পথচলা, অনাকাঙ্ক্ষিত সাফল্য ও চলচ্চিত্রের প্রতি নিজের ওয়াদা ও আরও অনেক কিছু থেকে উত্সাহিত হয়ে অ্যালবামটি করলাম। আমার যেসব শ্রোতা আছে তাদের অবশ্যই ভালো লাগবে। আমি নিয়মিতই সুরকে ভাঙার চেষ্টায় থাকি। এবারও নতুন আঙ্গিকে সুর ও মিউজিককে তুলে ধরার চেষ্টা করেছি। ’ উল্লেখ্য, এ আর রহমানের প্রথম অ্যালবাম ‘বন্দে মাতারাম’ ভারতের একক অ্যালবামের মধ্যে রেকর্ড সংখ্যক বিক্রি হয়।
