তারল্য সহায়তার সময় কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২০:২২
প্রাইমারি ডিলার (পিডি) ও নন পিডি ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেয়ার ক্ষেত্রে সময় কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে যেখানে ট্রেজারি বিল বা বন্ড নিলামে সফল দরদাতাদের প্রণোদনা হিসাবে এক নাগাড়ে দুই মাস ১৫ দিন পর্যন্ত তারল্য সহায়তা দিত বাংলাদেশ ব্যাংক এখন তা কমিয়ে দুই মাস করা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেজারি বিল বা বন্ড নিলামে সফল দরদাতা পিডি বা ননপিডি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সিকিউরিটিজের বিপরীতে ইস্যুর তারিখ থেকে একনাগাড়ে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত তারল্য সুবিধা দেয়া হবে। সাময়িক এ ব্যবস্থা শিগগিরই কার্যকর হবে এবং এর আগের এ সংক্রান্ত বিজ্ঞপ্তির অন্যান্য অংশ অপরিবর্তীত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তথ্যমতে, সরকারের যখন ঋণের প্রয়োজন হয় তখন ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে সরকার ঋণ নিয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক এ নিলামের ব্যবস্থা করে। আর সরকারের ঋণ চাহিদার বিপরীতে যেসব ব্যাংক নিলামে অংশ নিয়ে ঋণ সরবরাহ করে তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা দেয় বাংলাদেশ ব্যাংক। আগে শুধু প্রাইমারি ডিলার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ছাড়া আর কেউ ওই নিলামে অংশ নিতে পারতো না। তবে চলতি বছরের ২৪ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইসলামী ব্যাংকগুলো ছাড়া সব ব্যাংককেই বাধ্যতামূলক সরকারের ঋণ দেয়ার নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। যেখানে বলা হয়, সরকারের ঋণ চাহিদা মেটাতে প্রথমে ১২টি পিডি ব্যাংকের মধ্যে নিলাম অনুষ্ঠিত হবে। সেখানে পিডিরা ব্যর্থ হলে অনার্জিত অংশের ৬০ শতাংশ আবার বাধ্যতামূলক পিডিদের সরবরাহ করতে হবে। যার ৩০ শতাংশের জন্য আবার নিলাম অনুষ্ঠিত হবে, বাকি ৩০ শতাংশ সবার মধ্যে বণ্টিত হবে। অনার্জিত অংশের বাকি ৪০ শতাংশ দিতে হবে নন-পিডি ২৫টি ব্যাংককে। তবে পিডিদের মধ্যে যে ৩০ শতাংশের নিলাম অনুষ্ঠিত হবে সেখানে নন-পিডিরাও অংশ নিতে পারবে। এজন্য তারা কেন্দ ীয় ব্যাংকের বিশেষ তারল্য সুবিধা নিতে পারবে। প্রসঙ্গত, সরকারের সিকিউরিটিজ (ট্রেজারি বিল ও বন্ড) ক্রয়ের নিলামে অংশহণের জন্য যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নির্বাচিত হয় সেগুলোই পিডি হিসেবে পরিচিত। বর্তমানে ১২টি ব্যাংক ও ৩টি আর্থিক প্রতিষ্ঠান পিডি হিসাবে কাজ করছে।