অধিনায়কত্ব ছাড়ছেন মাহেলা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১২, ২০:৩৩
অস্ট্রেলিয়ার টেস্ট এবং ওয়ানডে সিরিজের পর শ্রীলংকান দলের অধিনায়কত্ব ছেড়ে দেবার কথা নিশ্চিত করেছেন মাহেলা জয়বর্ধনে। এরপর বর্তমান সহ-অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে নেতৃত্বের দায়িত্ব দিতে চান বলে ইঙ্গিত দেন তিনি। মাহেলা গত জানুয়ারিতে দ্বিতীয়বারের মত অধিনায়কত্বে আসেন তিলকরত্নে দিলশানের স্থলাভিষিক্ত হয়ে। এর আগে ২০০৯ সালে তিনি প্রথমবার অধিনায়কত্ব ছেড়েছিলেন। এখন তার এ সিদ্ধান্তের কারণে ২৩ জানুয়ারি হোবার্টে অনুষ্ঠিতব্য পঞ্চম ওয়ানডেটিই হবে অধিনায়ক হিসেবে মাহেলার শেষ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ শুক্রবার শুরু হওয়া প্রথম টেস্টের প্রাক্কালে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ৩৫ বছর বয়সী মাহেলা। একইসাথে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বছর বেশ কিছু বড় মাপের সিরিজকে সামনে রেখে তরুণ অধিনায়কের নেতৃত্বে ভাল একটি বছর পার করবে শ্রীলংকা। হোবার্টে তিনি বলেন, ‘এই সফরের পর আমি আর অধিনায়ক হিসেবে থাকতে চাই না। তাই এটাই আমার শেষ সফর। আশা করছি বোর্ডও আমাকে এ ব্যাপারে আর অনুরোধ জানাবে না। তবে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন অবশ্যই বিশেষ এক অভিজ্ঞতা। আমি গত বছরটি দারুণ উপভোগ করি এবং অনেক কিছু অর্জনও করেছি। এখন সময় এসেছে নতুন নেতৃত্বের। আশার কথা হলো দলে এই মুহূর্তে বেশ কিছু নতুন খেলোয়াড় রয়েছে এবং তাদের সাথে অভিজ্ঞরাও আছেন। তাই দল পুনর্গঠনে আমরা অবশ্যই তাদের সহযোগিতা করতে পারব।’ জয়বর্ধনে জানিয়েছেন নিজের উত্তরসূরি হিসেবে তিনি ২৫ বছর বয়সী ম্যাথুসকে দেখতে চান। গত দুই বছর একজন বিশ্বমানের অল রাউন্ডার হিসেবে সে নিজেকে ইতিমধ্যেই প্রমাণ করেছে। জয়বর্ধনের মতে—‘অ্যাঞ্জেলো এমন একজন খেলোয়াড় যে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। আমি মনে করি তার নেতৃত্ব দেবার যোগ্যতা রয়েছে। হয়তোবা প্রথম কয়েক বছর তারজন্য কিছুটা কঠিন হবে। কিন্তু ধীরে ধীরে সে দায়িত্বের সাথে মানিয়ে নিবে। যদি সুযোগ পায় আমি মনে করি তার পাশে যেহেতু সিনিয়র খেলোয়াড়রা রয়েছেন তাই তার কোন অসুবিধা হবে না। কঠিন সময় তাকে সহযোগিতা করার মত অনেক খেলোয়াড় বর্তমান দলে রয়েছে।’—বাসস