পাবনার চাটমোহরে বড়াল রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটির সভাপতি এ্যাড. গৌরচন্দ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনের সঞ্চালনে মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন বড়াল ও চলনবিল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এসএম মিজানুর রহমান।
আগামী ১৪ মার্চ বিশ্ব নদী দিবসে রাজশাহীর চারঘাট থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি পর্যন্ত ২২০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আ. মালেক, উপাধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, ইছাহক আলী মানিক, মো. শামসুজ্জোহা, রজব আলী বাবলু, বেলাল হোসেন স্বপন, সুবলচন্দ হলদার, অধ্যক্ষ আলী হায়দার সরদার, প্রভাষক আ. মান্নাফ, আ. মান্নান, সাজেদুর রহমান, নূরে আলম মঞ্জু প্রমুখ। উক্ত কর্মসূচি বাস্তবায়নে এ্যাড. গৌরচন্দ সরকারকে আহবায়ক ও চাটমোহর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন এই মানববন্ধন কর্মসূচিতে সহায়তা করছে।
