ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে সাফল্য যেমন পেয়েছেন, তেমনই ছিলেন সমালোচিত। এবার সেই কার্লোস দুঙ্গার ওপর ভরসা রাখল ব্রাজিলের ঘরোয়া দল ইন্টারন্যাশিওনাল পোর্তো আলেগ্রা। ক্লাবের নিজস্ব ওয়েবসাইটে একথা জানানো হয়।
স্বদেশী ফার্নান্দাও’র পরিবর্তে ৪৯ বছর বয়সী কোচের এ নিয়োগ সম্পর্কে বিবৃতিতে বলা হয়, ‘সভাপতি জিওভানি লুইগি ক্লাবের নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দুঙ্গাকে উপস্থাপন করেছেন।’ ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের অধিনায়ক দুঙ্গা নতুন এ চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে মঙ্গলবার পোর্তো আলেগ্রায় আসেন।
দুঙ্গা ন্যাশিওনালকে নিয়ে এগিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী, ‘ইন্টারের রয়েছে একটি লড়াকু দল এবং ফুটবলে সব সময়ই আমাদের শিক্ষণীয় আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনুশীলনেই ধারণা পাওয়া।’
সাবেক রক্ষণাত্মক এ মিডফিল্ডার খেলোয়াড়ি জীবনে ব্রাজিলের হয়ে ৯১ ম্যাচে ছয়টি গোল করেছেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং জীবন শুরু করার আগে দুঙ্গা ক্লাব পর্যায়ে পোর্তো আলেগ্রা, করিথিয়ান্স, স্যান্তোস, ভাস্কো দ্যা গামা এবং ফিওরোন্তিনায় মৌসুম খেলেছেন।
১৯৮৯ ও ১৯৯৭ সালে কোপা আমেরিকায় ব্রাজিলের শিরোপা জয়ে অসামান্য অবদান রাখা দুঙ্গা ১৯৮৪ সালের লস এ্যাঞ্জেলস অলিম্পিকেও ব্রাজিলের হয়ে রৌপ্য পদক জয় করেন। এছাড়া ব্রাজিল ও জাপানে ঘরোয়া অনেক শিরোপা জয় করেছেন তিনি।
২০০৬ সালে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে ২০০৭ সালে কোপা আমেরিকার শিরোপা জয় করেন। এরপর নেদারল্যান্ডের কাছে পরাজিত হয়ে ২০১০ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের আগেই ব্রাজিল থেকে বিদায় নেয়ায় তাকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।
